চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে বোর্ডের তহবিল থেকে বাড়তি বাসা ভাড়া আদায়, আসবাব ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র কেনাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) এ এস মাহমুদ আজ বৃহস্পতিবার চট্টগ্রাম আসছেন। অভিযোগ তদন্তে আসার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত কর্মকর্তা এ এস মাহমুদ। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৪ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, চেয়ারম্যান চট্টগ্রাম নগরের মেহেদীবাগে ভাড়া বাসার জন্য নিয়মবহির্ভূতভাবে প্রতি মাসে ৩০ হাজার টাকা করে আদায় করছেন। ঘরের দরজা, জানালার পর্দা কেনা বাবদ ৫৫ হাজার টাকা ও শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র কেনার জন্য এক লাখ টাকা নিয়েছেন। এ ছাড়া অন্যান্য অভিযোগের মধ্যে বোর্ডের আওতাধীন বিভিন্ন স্কুল-কলেজের কমিটি অনুমোদন, অনুমতি ও স্বীকৃতি প্রদানের জন্য অর্থ গ্রহণ, সরকারি বাণিজ্য কলেজের অধ্যক্ষ পদে থাকাকালে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন খাতে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাৎ, বোর্ডের দুর্নীতিবাজ কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুযোগ-সুবিধা প্রদান উল্লেখযোগ্য। সব অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী বলেন, ‘প্রতিষ্ঠানপ্রধান বলেই আমার বিরুদ্ধে এসব অসত্য অভিযোগ আনছেন সুবিধাবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। চেয়ারম্যানের জন্য বোর্ড কর্তৃপক্ষের কোনো বাসা না থাকায় আমি বাসা ভাড়া নিয়েছি। এটি বোর্ড চেয়ারম্যানের বাসা হিসেবেই বোর্ড ও অর্থ কমিটির অনুমোদন নিয়ে এসব খরচ করা হয়েছে।’ মোহাম্মদ আলী আরও বলেন, ‘বোর্ডের কোনো বাসা না থাকায় আমার জন্য ২৫ হাজার টাকায় বাসা ভাড়া নেওয়ার অনুমোদন দেওয়া হয়। কিন্তু সেখানেও আমি ২২ হাজার টাকা দামের বাসায় থাকছি। এমনকি বাসার বিদ্যুৎ ও গ্যাসসহ অন্যান্য খরচের টাকা বোর্ড থেকে দেওয়ার বিধান থাকলেও আমি আমার নিজস্ব তহবিল থেকে তা আদায় করি।’ বোর্ড সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর মন্ত্রণালয় থেকে এক চিঠিতে বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্তের কথা জানানো হয়। এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলা হয়েছে এতে।