চেয়ারম্যানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন না করায় এক প্রবীণ শিক্ষককে প্রকাশ্যে মারধর ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ দেড় শতাধিক ব্যক্তিকে এলাকাছাড়া করা হয়েছে। গাছ কাটার প্রতিবাদ করায় নিজের ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে মারধর ও বসতঘর ভাঙচুরের পর মালামাল লুট করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে।
এমন অভিযোগ পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিচুর রহমান ওরফে আবদুর রবের বিরুদ্ধে। এ ছাড়া ওই ইউনিয়নের কয়েকটি সরকারি সড়কের পাশে সরকারিভাবে লাগানো বিভিন্ন প্রজাতির দেড় শতাধিক গাছ কেটে নেওয়াসহ নানা অভিযোগ আবদুর রবের বিরুদ্ধে।
সরেজমিনে স্থানীয় লোকজন ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনের দুই দিন পর গত ২৪ মার্চ সকালে ধূলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে নিজের বইয়ের দোকানে বসা ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. হেদায়েত মিয়া (৭৫)। সকাল ১০টার দিকে তাঁকে জামার কলার ধরে বাইরে এনে মারধর করেন চেয়ারম্যান আবদুর রব। ওই শিক্ষকের অপরাধ ছিল, নির্বাচনের সময় তাঁর ছেলে আবদুর রবের পক্ষে কাজ করেননি।
শিক্ষকের ছেলে জাকির হোসেন (৪৫) বলেন, তিনি বিএনপির প্রার্থীর কর্মী ছিলেন। এ কারণে তিনি নির্বাচনের পর ভয়ে পালিয়ে যান। তাঁকে না পেয়ে তাঁর বাবাকে প্রকাশ্যে মারধর করেন আবদুর রব। ওই দিন থেকে এখন পর্যন্ত তিনি এলাকায় যেতে পারছেন না।
নির্বাচনে পক্ষ সমর্থন না করায় টিটু গাজী (৩৫) নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল নিয়ে যান চেয়ারম্যানের লোকজন।
পূর্ব চাঁদকাঠি গ্রামের আবদুল জব্বার বলেন, নির্বাচনের আগে তাঁর তিন ভাতিজাকে নির্মমভাবে কুপিয়ে জখম করেন চেয়ারম্যান ও তাঁর লোকজন। এ ঘটনায় তিনি মামলা করায় নির্বাচনের পর তাঁর বাড়িতে আবদুর রবের নেতৃত্বে হামলা চালানো হয় এবং মামলা না তুলে বাড়িতে গেলে তাঁকে (আবদুল জব্বার) মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এ কারণে তিনি বাড়ি যেতে পারছেন না। চেয়ারম্যানের ভয়ে ওই গ্রামের এ রকম কমপক্ষে ৩০ ব্যক্তি এলাকাছাড়া।
ওই ইউপির বিএনপিদলীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, মনোনয়নপত্র দাখিলের দিন গত ২২ ফেব্রুয়ারি থেকে তিনি এলাকায় যেতে পারেননি। কেবল নির্বাচনের আগের দিন বাড়িতে গেলেও ভোটারদের সঙ্গে দেখা করতে পারেননি। নির্বাচনের দিন ২২ মার্চ আবদুর রবের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই দিনই তিনি এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। তিনিসহ ওই ইউনিয়নে তাঁর ১৭৪ জন কর্মী এখনো পালিয়ে বেড়াচ্ছেন। তাঁরা এলাকায় যেতে পারছেন না।
সরেজমিনে গেলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন, ধূলিয়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন সড়ক, দপ্তরির বাড়ির সামনের সড়ক, ডাক্তারবাড়ি ও সম্মেলন মন্দির এলাকার সড়কের দুই পাশ থেকে নির্বাচনের পর বিভিন্ন সময় ফলদসহ বিভিন্ন প্রজাতির ১৭০টি গাছ চেয়ারম্যান কেটে নিয়েছেন।
গাছ কাটার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ধূলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল অভিযোগ করেন, তিনি ধূলিয়া হাটের ইজারাদার। চেয়ারম্যান তাঁকে খাজনা আদায় করতে দিচ্ছেন না।
এদিকে চেয়ারম্যানের ছোট ভাই মিজানুর রহমান (৫২) ও তাঁর স্ত্রী মোসা. হালিমা বেগমকে (৩০) মারধর ও বসতঘর ভাঙচুর করে তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে তাঁদের গুরুতর জখম করেছেন চেয়ারম্যান ও তাঁর লোকজন।
আওয়ামী লীগের নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রব অভিযোগ অস্বীকার করেন। তিনি মিজানুর রহমান প্রসঙ্গে বলেন, ‘সে আমার সৎভাই। নির্বাচনে আমার পক্ষ করে নাই। তা ছাড়া বাড়ির অন্য লোকের সঙ্গে তার বিরোধ আছে। এসব কারণে সে ভয়ে পালিয়ে গেছে। তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয়নি।’ আর সরকারি কোনো গাছ তিনি কেটে নেননি বলে দাবি করেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা পালিয়ে বেড়াচ্ছে, তারা বিএনপির কর্মী। বিগত পাঁচ বছরে তারা এলাকায় চুরি, ডাকাতিসহ অনেক অপকর্ম করেছে। এখন আর করতে পারবে না। এ কারণেই তারা এলাকা ছেড়ে পালিয়েছে।’ হাটের ইজারা প্রসঙ্গে বলেন, যিনি ইজারাদার, তাঁর টাকা তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ কারণে তিনি তাঁর লোকজন দিয়ে খাজনা আদায় করাচ্ছেন। তবে শিক্ষককে মারধর করার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।