কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল সুবিধাভোগীদের কম দিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ উদ্দিন খানের বিরুদ্ধে শুক্রবার কুলিয়ারচর থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম। মামলা দায়েরের পর চেয়ারম্যান পলাতক রয়েছেন। এদিকে আত্মসা ৎ করা ১০ বস্তা চাল পুলিশ গতকাল শনিবার জব্দ করে থানায় নিয়ে এসেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সালুয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে সরকার কর্তৃক এক হাজার ৮৩০ জন দুস্থ ও অসহায় সুবিধাভোগীর অনুকূলে ১০ কেজি হারে মোট ১৮ দশমিক ৩০০ মেট্রিক টন (৯৩৬ বস্তা) চাল বরাদ্দ দেওয়া হয়। চাল ঈদের আগে বিতরণের নির্দেশ দেওয়া হলেও চেয়ারম্যান এ কে এম ফরিদ উদ্দিন খান সরকারি বিধি অনুযায়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের গুদামে মজুদ না করে পরিষদ কার্যালয় থেকে এক কিলোমিটার দূরে ডুমরাকান্দা বাজারের চেয়ারম্যানের ব্যক্তিগত গুদামে চাল মজুদ করে সুবিধাভোগীদের মাঝে ঈদের পরে বিতরণ শুরু করেন। চাল বিতরণের সময় চেয়ারম্যান উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে ১০ কেজির স্থলে দুই-তিন কেজি করে চাল কম দিয়ে সাত-আট কেজি করে চাল বিতরণ করে আত্মসাতের উদ্দেশ্যে ১০ বস্তা (৫০০ কেজি) চাল ওই গুদামেই মজুদ করে লুকিয়ে রাখেন। এ ব্যাপারে অভিযোগ পেয়ে ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ্ আলম মুকুল ও কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মুইদ চৌধুরী ওই ইউনিয়নের ডুমরাকান্দা বাজারের গুদামে গিয়ে ১০ বস্তা চাল উদ্ধার করে। পরে ওই গুদামে সিলগালা করে রেখে আসে। ওই দিন বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে চাল কেন বেশি হলো তা তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন।পরদিন ৬ সেপ্টেম্বর বেলা ১১টায় চাল আত্মসা ৎ করার প্রতিবাদে সালুয়া ইউনিয়নবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে ডুমরাকান্দা বাজারে ইউনিয়নের মুক্তিযোদ্ধা মো. আলী আকবর ও সামসুদ্দিন ইলিয়াছের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মো. শহিদুল্লাহর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ উদ্দিন খানকে ইউনিয়নে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ জনতা স্থানীয় শহীদ মিনারের সামনে চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করে। ওই দিন বিকেলে ইউনিয়নবাসীর পক্ষে ১০ জনের স্বাক্ষরিত কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেন। ঘটনা প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাকে অহেতুক হয়রানি করা হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মুকুল বলেন, অন্য গুদামে চাল মজুদ আইনসম্মত নয়। সংবাদ পেয়ে গুদামে ১০ বস্তা চাল উদ্ধার করে গুদাম সিলগালা করে রেখে এসেছি। কারণ দর্শানোর নোটিশ চেয়ারম্যানকে দেওয়ার পর তিনি জবাবদানে ব্যর্থ হন। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুইদ চৌধুরী মামলা রেকর্ড হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, মামলাটি দুদক তদন্ত করবে। অভিযুক্ত চেয়ারম্যান পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।