চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করায় ভাঙচুর, লুটপাট
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে মামলা করায় এক নারীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ সময় বাধা দেওয়ায় পাঁচজনকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলারোয়া থানা থেকে প্রায় ১৫০ গজ দূরে উপজেলার গোদখালী গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বাদী মোমেনা খাতুন জানান, তিনি পৈতৃক সূত্রে পাওয়া ২ শতক ও কেনা ৪ শতক জমির ওপর বাড়ি করে বসবাস করে আসছেন৷ তাঁর ভাই আমজাদ হোসেনের কাছ থেকে গত ১০ মার্চ একই উপজেলার হুলহুলিয়া গ্রামের আশরাফ হোসেন ২ শতক জমি কেনেন। কিন্তু জমিতে যাতায়াতের পথ না থাকায় আশরাফ হোসেন তাঁর (মোমেনা) ৬ শতক জমি থেকে ২ শতক জমি দখল করার জন্য কয়েকবার চেষ্টা চালান। একপর্যায়ে তিনি বাদী হয়ে ২৩ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেনকে শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ তদন্ত করে ১২ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আইনুদ্দিন।
মোমেনা খাতুনের ছেলে ইমদাদুল হক জানান, আশরাফ হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদের ঘনিষ্ঠ। গত কয়েক দিন আগে চেয়ারম্যান তাঁকে ডেকে নিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তাকে জানালে তিনি তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। এ অবস্থায় তাঁর মা ৭ মে কলারোয়া সহকারী জজ আদালতে একটি মামলা করে তাঁর জমিতে নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। মামলায় আশরাফ হোসেন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও কলারোয়া থানার ওসিকে বিবাদী করা হয়। অবশ্য তদন্ত কর্মকর্তা তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন৷
মোমেনার স্বামী ইদ্রিস আলী জানান, চেয়ারম্যানকে বিবাদী করায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আশরাফ হোসেনের নেতৃত্বে ৫০-৬০ জন তাঁদের বাড়িতে হামলা চালান। বাধা দেওয়ায় তাঁকে, তাঁর স্ত্রী মোমেনা, ছেলে ইসমাইল হোসেন, ছেলের স্ত্রী পারভিনসহ পাঁচজনকে পিটিয়ে জখম করেন। পরে তাঁরা বাড়ি ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দেন এবং টাকাসহ জিনিসপত্র লুট করে নিয়ে যান।
কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোমেনা খাতুন জানান, উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতেই এ ঘটনা ঘটানো হয়। এ সময় থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমানকে বিষয়টি জানালেও তিনি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি৷
হামলার সময় প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে আহত হন আশরাফ হোসেন৷ হাসপাতালে চিকিৎসাধীন আশরাফ জানান, তিনি ২ শতক জমি মোমেনা খাতুনের ভাইয়ের কাছ থেকে কিনেছেন। কিন্তু মোমেনা তাঁর জমির দখল দিচ্ছিলেন না। বিষয়টি উপজেলা চেয়ারম্যান মিটিয়ে দেওয়ার কথা বললে মোমেনা আদালতে মামলা করেন। গতকাল ওই জমিতে সীমানাপ্রাচীর দেওয়ার সময় তিনি লোকজন নিয়ে বাধা দিয়েছেন। লুটপাটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমার জমি দখল নিতে ওই ঘর ভাঙচুর করা হয়েছে।’
চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ বলেন, মোমেনারা জামায়াত-সমর্থিত মানুষ। ওঁদের ওই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তিনি মীমাংসার উদ্যোগ নেওয়ায় তাঁকে শত্রু ভেবে তাঁর নামেও একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গতকালের ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে আশরাফ হোসেনকে মারধর করার পর পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি কাউকে হুমকি দেননি।
কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কেউ পুলিশকে জানায়নি৷