ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগ
চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষকদের অনাস্থা
নিয়মিত ক্লাস ও সময়মতো পরীক্ষা না হওয়ায় নির্দিষ্ট সময়ের দ্বিগুণ সময় পেরিয়ে গেলেও শিক্ষাজীবন শেষ হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের। ফলে বিভাগীয় চেয়ারম্যান নাহীদ আখতারের অপসারণের দাবি উঠেছে।এই দাবিতে বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। শিক্ষকেরাও তাঁদের ওই সহকর্মীর বিরুদ্ধে অনাস্থার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দিয়েছেন।শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা দাবি আদায়ে গতকাল সোমবার বেলা ১১টা থেকে অনুষদের সামনে বিক্ষোভ সমাবেশ ও এক ভিন্নধর্মী প্রতিবাদী মহড়ার আয়োজন করেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে, গত ২৬ জুন শিক্ষার্থীরা ওই বিভাগে সাত ঘণ্টা তালা ঝুলিয়ে রেখেছিলেন। শিক্ষার্থীরা জানান, ২০০১-০২ শিক্ষাবর্ষের স্নাতক সমাপনী পরীক্ষা শেষ হয়েছে ২০০৮ সালে। এরপর তাঁরা স্নাতকোত্তর বর্ষে ভর্তি হলেও গত আড়াই বছরে তাঁদের কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একই সমস্যায় রয়েছেন বিভাগের ২০০২-০৩ ও ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও। ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানান, স্নাতক সমাপনী পরীক্ষার সময়সূচি তিনবার ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত পরীক্ষা হয়নি। এ জন্য তাঁরা চেয়ারম্যানের ‘উদাসীনতাকে’ দায়ী করেন। নিয়ম অনুযায়ী একসঙ্গে পাঁচটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পড়াশোনা চলার কথা থাকলেও শিল্পকলার ইতিহাস বিভাগে এখন মোট ১০টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অধ্যয়ন চলছে। মোট শিক্ষার্থীর সংখ্যা ৫৭ জন। বিভাগে চেয়ারম্যানসহ শিক্ষকসংখ্যা চারজন। এর মধ্যে চেয়ারম্যান ছাড়া অন্য তিনজন শিক্ষকই গত ১৬ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তাঁরা বলেছেন, নাহীদ আখতারের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিকৃত মানসিকতা, নৈতিক অবক্ষয় এবং বিশৃঙ্খল একাডেমিক কার্যকলাপের কারণে বিভাগটি দীর্ঘদিন ধরে বিপর্যয়কর অবস্থার মধ্যে আছে। তাঁর কুরুচিপূর্ণ গালিগালাজ ও মারধরসহ অশালীন আচরণে অতিষ্ঠ হয়ে পিয়ন-কর্মচারীরাও বিভাগ ছেড়ে চলে গেছেন। তিন মাস ধরে অনুষদের কোনো স্টাফও এই বিভাগে কাজ করছেন না।তিন শিক্ষক বিভাগটি ধ্বংসের হাত থেকে রক্ষা করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করার পর থেকে চেয়ারম্যান নাহীদ আখতার ছুটি কাটাচ্ছেন। গত জুন মাসের ২৬ তারিখ থেকে দুই দফায় ২১ জুলাই পর্যন্ত ছুটিতে ছিলেন তিনি। এরপর আবারও ৭ আগস্ট পর্যন্ত তিনি ছুটি নিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে। শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ সমর্থন করে শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শেখ মনির উদ্দিন প্রথম আলোকে বলেন, ছুটিতে গেলেও নাহীদ আখতার বিভাগের চাবি কারও কাছে দিয়ে যাননি। তাই গত এক মাস বিভাগীয় ভবনের বাইরে খোলা আকাশের নিচে ক্লাস নিয়েছেন শিক্ষকেরা।অভিযোগের বিষয়ে কখনোই কোনো কথা বলতে রাজি হননি নাহীদ আখতার। তাই গতকালও মুঠোফোনে বারবার চেষ্টা করে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। নাহীদ আখতারের অনুপস্থিতিতে অনুষদের ডিন এমদাদুল হক মো. মতলুব আলীকে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিভাগের শিক্ষার্থী ও অনুষদের কর্মচারীরা চেয়ারম্যানের অসদাচরণের বিষয়ে এর আগেও আমার কাছে অভিযোগ করেছেন। তাঁদের এসব অভিযোগ সত্য এবং বারবার এ ধরনের ঘটনা ঘটছে। কিছুদিন আগে তিনি একজন শিক্ষককে চড়ও মেরেছেন।’ নাহীদ আখতারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন জানতে চাইলে এমদাদুল হক মো. মতলুব আলী বলেন, এ পর্যন্ত তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সবই ব্যক্তিগত। তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।