চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র আহ্বান ও বন বিভাগের অনুমতি ছাড়াই বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বেশ কিছু সরকারি গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ থেকে দুর্গামন্দিরের রাস্তার পূর্ব পাশে পুরোনো ইউনিয়ন পরিষদের জায়গায় প্রায় ৩০ বছর আগে দুটি মেহগনিগাছ লাগানো হয়। তার একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী ওরফে তারিক বন বিভাগের অনুমতি ও দরপত্র আহ্বান ছাড়াই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গাছের ব্যবসায়ী ফোরহাদ হোসেনের কাছে বিক্রি করে দিয়েছেন। গত রোববার সকাল থেকে ওই ব্যবসায়ী গাছটি কাটা শুরু করেন।দুই মাস আগে একইভাবে ওই স্থান থেকে নুরুন্নবী দুটি তালগাছ বিক্রি করে দেন। দুই বছর আগেও তিনি উপজেলা পরিষদের পুকুরপাড় থেকে চারটি কাঁঠালগাছ বিক্রি করে দেন। এসব গাছ বিক্রির টাকার কোনো হিসাব উপজেলা পরিষদে জমা নেই।অভিযোগ অস্বীকার করে নুরুন্নবী বলেন, ‘যে জায়গা থেকে মেহগনিগাছ বিক্রি করা হয়েছে, সে জায়গাটি ব্যক্তিমালিকানাধীন। এ গাছ বিক্রির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। তবে মেহগনিগাছের ক্রেতা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সহকারী সম্পাদক ফোরহাদ হোসেন বলেন, ‘উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ২২ হাজার টাকায় গাছটি কিনেছি।’বগুড়া বন বিভাগের কর্মকর্তা মাহবুবুর আলম জানান, উপজেলা পরিষদের গাছগুলো বিক্রির বিষয়ে তাঁদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ জানান, উপজেলা পরিষদের সম্পদ রক্ষায় তাঁকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এ কারণে তিনি গাছ কাটার বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছেন না।বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আনওয়ার হোসেন জানান, উপজেলা পরিষদের সম্পদ রক্ষার দায়িত্ব ইউএনওর। তিনি কেন এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন না, সেটা তাঁর জানা নেই। এ বিষয়ে জেনে তিনি ব্যবস্থা নেবেন।