চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করায় কাজলা ইউপির আট সদস্য গত ২৯ আগস্ট জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিল্লুর রহমান খানকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে নির্দেশ দেন।ইউপি সদস্যরা লিখিত বক্তব্যে জানান, প্রকল্পের টাকা উত্তোলন করে তাঁরা চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জমা দিয়েছেন। কিন্তু চেয়ারম্যান রফিকুল ইসলাম ওই অভিযোগ অস্বীকার করেন। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় প্রতিটি ইউনিয়নে উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেওয়া হয়। এই টাকা দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নলকূপ স্থাপন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র সরবরাহ, ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের আসবাবপত্র ক্রয়, স্বাস্থ্যসম্মত পায়খানা বিতরণসহ বিভিন্ন কাজ করার কথা। কাজলা ইউপি সদস্যরা দাবি করেন, চেয়ারম্যান পাঁচটি ভুয়া প্রকল্প তৈরি করে প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘বিধি মোতাবেক চেয়ারম্যান ও সংরক্ষিত আসনের একজন সদস্যের যৌথ স্বাক্ষরে প্রকল্পের চেক দেওয়া হয়। আমি প্রকল্প কমিটির সভাপতির নামে সেই চেক দিয়েছি। টাকা আমার কাছে রাখার প্রশ্নই ওঠে না।’ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের দায়িত্বে থাকা উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আগামী রোববার ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’