চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে ১২ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর কাছে গত বুধবার তাঁরা লিখিতভাবে এই অনাস্থা প্রস্তাব দেন।
ইউপি সদস্যরা বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে জুন মাসে বাজেট সভা না করা, ইউনিয়ন পরিষদের মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় যোগদান না করাসহ গ্রাম আদালতের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে উপস্থিত না থাকা, তথ্য সেবার কম্পিউটার পরিষদে না রেখে বাসায় নিয়ে যাওয়া, ২০১২-১৩ অর্থবছরের হাটবাজারের টাকা এবং ৯৯ ওয়েজ ফান্ডের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ইউপি সদস্য মো. রেজাউল করিম বলেন, ‘চেয়ারম্যানের কাছে আমরা অসহায়। আমরা কোনো কাজই করতে পারছি না। তদন্ত করলেই অনাস্থা প্রস্তাবের কারণ হিসেবে উল্লেখ করা বিষয়গুলোর সত্যতা পাওয়া যাবে।’
ষড়যন্ত্র করে এই অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে দাবি করে ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর কোনো ভিত্তি নেই।’