চেয়ারম্যানের বিষোদ্গার করায় আ.লীগ নেতাকে গণপিটুনি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাসের বিষোদ্গার করায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লালমোহন বিশ্বাস গণপিটুনির শিকার হয়েছেন। লালমোহনের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান তাঁর লোকজন নিয়ে এই মারধরে নেতৃত্ব দিয়েছেন।গত রোববার মধ্যরাতে উপজেলার লাটেঙ্গা গণেশ পাগলের আশ্রমের দুর্গামন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এ কারণে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এ ঘটনায় আহত লালমোহন বিশ্বাস (৫৪) ও বিদ্যুৎ ওঝাকে (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টায় মন্দিরের প্রাঙ্গণে অনুষ্ঠান চলাকালে উপজেলা চেয়ারম্যান বিমলকৃষ্ণ বিশ্বাস তাঁর বক্তব্যে মন্দিরের জন্য এক লাখ টাকা অনুদানের আশ্বাস দিয়ে চলে যান। রাত সাড়ে ১১টায় লালমোহন বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, বিমল বিশ্বাস বিভিন্ন জায়গায় এ রকম মিথ্যা অনুদানের আশ্বাস দিয়ে থাকেন। তিনি প্রধানমন্ত্রী, রামকৃষ্ণ মিশন ও হিন্দুকল্যাণ ট্রাস্টের অনুদানের টাকা ও মালামাল সামান্য বিতরণ করে পরে তা নিজের বাড়িতে বসে নিজের নামে তাঁর অনুসারীদের মধ্যে বিতরণ করেন। খবর পেয়ে বিমল বিশ্বাস সেখানে হাজির হন। লালমোহন বিশ্বাসের অভিযোগ, এ সময় বিমল বিশ্বাসের নেতৃত্বে লোকজন তাঁর ওপর হামলা চালায়। বিমল বিশ্বাস বলেন, ‘আমার বিরুদ্ধে কটূক্তি করায় গ্রামবাসী তাঁকে পেটাচ্ছিল। খবর পেয়ে আমি পুলিশ নিয়ে তাঁকে উদ্ধার করেছি।’