চেয়ারম্যানের ভাই ও ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী, শ্যালকসহ চারজনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় চেয়ারম্যানের ছোট ভাই হাবিবুর রহমান ও প্রথম স্ত্রীর ছেলে শাহাদাৎ ইসলামকে।এদিকে এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁর মেঘনাঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন নিহত শামীমার পরিবারের সদস্য ও গ্রামবাসী। রফিকুলের বাড়ির নৈশপ্রহরী আবদুস সাত্তার গত মঙ্গলবার আদালতে জবানবন্দিতে বলেন, হাবিবুর ও শাহাদাৎকে ঘটনার দিন ভোর পাঁচটায় চেয়ারম্যানের বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখা যায়। সাত্তারের তথ্যের ভিত্তিতে পুলিশ হাবিবুর ও শাহাদাৎকে গ্রেপ্তার করে। হাত-পা ও আঙুলের ছাপ নিয়ে তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে গত বুধবার আদালতে পাঠানো হয়। ৬ মে শুনানির দিন ধার্য করেছেন আদালত। হাবিবুর ও শাহাদাৎকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশি প্রতিবেদনে বলা হয়, ইউপি চেয়ারম্যানের ছোট ভাই ও প্রথম পক্ষের ছেলেমেয়েরা সম্পত্তির লোভে ওই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। পুলিশ ও চেয়ারম্যানের পরিবার সূত্র জানায়, পিরোজপুর ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলামের ঘরে ঢুকে দুর্বৃত্তরা গত ১৯ এপ্রিল রাতে শামীমা, তাঁর ছোট ভাই রানা ইসলাম এবং দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তারকে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যানের দেহরক্ষী বাদশা মিয়াকে ২৪ এপ্রিল ও বাড়ির নৈশপ্রহরী আবদুস সাত্তারকে ২০ এপ্রিল পুলিশি হেফাজতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে চার খুনের রহস্য উন্মোচিত হবে।