চেয়ারম্যানের ভাড়া করা দুটি বালুবাহী ট্রাকের চালকদের জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নে কৃষকদের জমিতে অবৈধভাবে বালু ভরাটের সময় ইউপি চেয়ারম্যানের ভাড়া করা দুটি বালুবাহী ট্রাকের চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার ওই জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ শামসুল হক।
শামসুল হক বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য লাক মিয়ার ভাড়া করা দুটি ট্রাক ফকির বাড়ির ফাউসা সড়কের উজান গোবিন্দী হাইস্কুলের কাছে ফসলি জমিতে অবৈধভাবে বালু ভরাট শুরু করে। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়। এরপর মোটরযান অধ্যাদেশ অনুযায়ী ফিটনেস সার্টিফিকেট ও চলাচলের অনুমতি (রুট পারমিট) না থাকায় ট্রাক দুটির চালককে জরিমানা করা হয়।
এদিকে লাক মিয়ার বিরুদ্ধে কৃষকদের জমিতে জোর করে বালু ভরাটের অভিযোগ তদন্তে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষ্য নেন। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত হোসেনের নেতৃত্বে কমিটিতে ইউএনও মোহাম্মদ শামসুল হক, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শরিফুল হক আছেন।