চেয়ারম্যানের মামলায় তিন সদস্যসহ ১০ জন পলাতক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়ের করা মামলায় তিনজন সদস্যসহ ১০ জন পালিয়ে বেড়াচ্ছেন।ভিজিডির চাল বিতরণে বাধা দান ও ইউপির আসবাব ভাঙচুরের অভিযোগে চেয়ারম্যান শাহাদত হোসেন বাদী হয়ে ওই ১০ জনকে আসামি করে দিনাজপুর আদালতে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।মামলার আসামিরা হলেন ইউপি সদস্য মেফতাহুল জান্নাত, নুরুল ইসলাম ও আলতোমাস এবং স্থানীয় গ্রামবাসী জাহাঙ্গীর আলম, জোবায়ের হোসেন, জসিম উদ্দীন, ইকবাল হোসেন, বাবু মিয়া, আরমান আলী ও মাসুদ রানা।মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ২৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদে ৫৬০ জন দুস্থ নারীকে ভিজিডির চাল দেওয়ার সময় ইউপি সদস্য মেফতাহুল জান্নাত, নুরুল ইসলাম ও আলতোমাস উপস্থিত হয়ে তাঁদের দেওয়া তালিকা অনুযায়ী চাল দিতে বলেন। চেয়ারম্যান তা না করায় তাঁরা জোটবদ্ধ হয়ে অরাজকতা সৃষ্টি করেন। এ সময় চেয়ারম্যান লুটপাটের আশঙ্কায় চাল দেওয়া বন্ধ রাখেন। পরদিন চাল বিতরণের সময় আবার তাঁরা হামলা করে ইউনিয়ন পরিষদে ভাঙচুর করেন।ইউপি সদস্য মেফতাহুল জান্নাত বলেন, ‘আমাদের তালিকা নয়, যাঁদের চাল দেওয়া হচ্ছিল তাঁদের তালিকা দেখতে চেয়েছিলাম। বিভিন্ন প্রকল্পে চেয়ারম্যানের অনিয়মে বাধা দেওয়ায় তিনি আমাদের নামে মিথ্যা মামলা করেছেন।’ নুরুল ইসলাম বলেন, ‘ওই দিন সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি বা চাল বিতরণে বাধাও দেওয়া হয়নি। আমাদের হয়রানি করার জন্যই মামলাটি করা হয়েছে। মামলার কারণে এখন আমাদের পালিয়ে থাকতে হচ্ছে।’মামলার আসামি নওপাড়ার বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘কয়েক মাস আগে ভিজিএফের চাল নিয়ে অনিয়ম করায় চেয়ারম্যানের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি। এ কারণে তিনি এই মামলায় আমাকে আসামি করেন। অথচ আমি ওই দিন সেখানে ছিলাম না।’ চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে আসামিরা ব্যক্তি স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে আসছেন। তাঁরা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুখী কাজে অনিয়ম করে আমার ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। তাঁরা ঘটনার দিন ইউনিয়ন পরিষদের কাজে ব্যাঘাত সৃষ্টিসহ সরকারি সম্পদের ক্ষতিসাধন করেন।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব জানান, আদালতের নির্দেশে ১৬ মার্চ মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত চলছে।