চেয়ারম্যানের মুক্তি দাবির মিছিলে বাধা, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে এক কিশোরীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার রাণীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রাণীশিমুল ইউনিয়ন বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শামা কবীরের মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী।মিছিলে বাধা দেওয়ায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে তিনজন পুলিশসহ ২৫ জন আহত হয়। পুলিশ এক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আবু শামা কবীরের মুক্তির দাবিতে গতকাল বেলা তিনটার দিকে ইউপি সদস্য মো. তারা মিয়ার নেতৃত্বে পাঁচ শতাধিক নারী-পুরুষ দা ও লাঠিসোঁটা নিয়ে মিছিলসহকারে শ্রীবরদী উপজেলা সদরে আসার চেষ্টা করে। মিছিলটি শ্রীবরদী পৌর শহরের কাছে তাতিহাটি ইউনিয়ন এলাকায় এসে পৌঁছার পর পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তখন পুলিশও লাঠিপেটা শুরু করে এবং গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।গ্রামবাসীর ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন, কনস্টেবল ফখরুল ইসলাম ও কনস্টেবল মুনছুর আলী আহত হন। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় হাঁসধরা গ্রামের মো. আছর উদ্দিন (৪৪), গোলাপ হোসেন (৩৮), নছিম উদ্দিন (৪২), মিস্টার আলী (৪৮), রিপন (২৭) ও নিলুসহ (৩০) অন্তত ২২ জন গ্রামবাসী আহত হন। আহত ব্যক্তিরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।