
সালিসের নামে সুবর্ণচর উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৫) বাড়ি থেকে তুলে নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে নির্যাতনের প্রতিবাদে স্থানীয় চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল রোববার সকালে নোয়াখালী নারী নির্যাতন প্রতিরোধ কমিটি প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি-পেশার লোক অংশ নেন।
২২ আগস্ট রাতে পারিবারিক বিরোধ নিয়ে ডাকা সালিসি বৈঠকে ওই ছাত্রীকে প্রকাশ্যে পেটানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, সুবর্ণচর উপজেলায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা এসব ঘটনার সঙ্গে জড়িত। সালিসের নামে রাতের অন্ধকারে স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতন করা বর্বরতার শামিল।
বক্তারা স্কুলছাত্রীর ওপর নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন। একই সঙ্গে সুবর্ণচরের চরাবাটা ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রতিবাদ সমাবেশে নোয়াখালী নাগরিক মোর্চার যুগ্ম আহ্বায়ক আ ন ম জাহের উদ্দিন, পারিবারিক নির্যাতন জোট নোয়াখালীর সভাপতি গোলাম আকবর, মহিলা আইনজীবী পরিষদের নেত্রী কল্পনা রানী, আবদুল আউয়াল, শ্যামল কান্তি দে প্রমুখ বক্তব্য দেন।