চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে আসামি গ্রেপ্তার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে কোনো মামলার আসামিকে গ্রেপ্তারের আগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পরামর্শ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ প্রস্তাব করেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন ওরফে বাবর।
সভায় বক্তব্য রাখতে গিয়ে খন্দকার মোহতেশাম হোসেন বলেন, পুলিশের গ্রেপ্তার-বাণিজ্যের মধ্যে অনেক সময় অসততা থাকে। শত্রুতা করে অনেকে মামলা করেন। এ ক্ষেত্রে গ্রেপ্তারের আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শ নেওয়া যেতে পারে। তাঁর এ বক্তব্য সমর্থন করে সভার প্রধান অতিথি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রশাসনের প্রতিটি কাজে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা থাকা জরুরি। আসামি গ্রেপ্তার সর্বশেষ ধাপ হতে পারে। একজন এসআই গ্রামে গিয়ে আসামি ধরে নিয়ে আসা ঠিক না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা উচিত।
তবে এ প্রস্তাবের সমালোচনা করে ওই সভায় উপস্থিত প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান বলেন, পুলিশ যদি গ্রেপ্তারের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যানের ওপর নির্ভরশীল হয় তাতে সঠিক চিত্র নাও পাওয়া যেতে পারে। কেননা, ইউপি চেয়ারম্যানরা দল ও গোষ্ঠী সমর্থক হলে এ ব্যাপরে মানুষ হয়রানির শিকার হতে পারেন।
এ বক্তব্যের জবাবে অনুষ্ঠানের সভাপতি ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী বলেন, ইউপি চেয়ারম্যানদের ভূমিকা থাকলেও তাঁদের কথা পুলিশ যে শতভাগ বিশ্বাস করবে, তা নয়। নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা হবে কিন্তু তাঁদের প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। সভায় উপস্থিত ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান প্রস্তাবটি যুক্তিসংগত হিসেবে মত প্রকাশ করেন।
এ সিদ্ধান্তের সমাপ্তি টেনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বলেন, এ চর্চার মাধ্যমে পক্ষপাতদুষ্ট ইউপি চেয়ারম্যানরা একসময় নিজেরাই সংশোধিত হয়ে যাবেন।
সভায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, জেলা প্রশাসন এমন একটি অফিস, যার ওপর সবার আস্থা আছে। তা ছাড়া, বিপদে না পড়লে জনগণ প্রশাসনের কাছে আসে না। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হাতে যেমন ক্ষমতা আছে, তেমনি তাঁদের দায়িত্বও চার গুণ বেশি রয়েছে। দায়িত্ব পালন করব না অথচ ক্ষমতা নিয়ে বসে থাকব, তা জনগণ মেনে নেবে না। ‘জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ প্রশাসকদের নেই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, কোনো আইন বা সংবিধানও এ সুযোগ দেয়নি। পাশাপাশি সরকারি কাজে সহায়তা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। মামলা সমস্যার সমাধান নয়। মামলায় পুলিশ ও উকিলের লাভ হয়। এ জন্য সমস্যার মীমাংসার পথ বের করা জরুরি। মন্ত্রী বলেন, জনগণকে দুর্ভোগে ফেলে রাস্তা আটকে জনসভা করা ঠিক নয়। জনগণের যাতে সমস্যা না হয় জনসভার জন্য সে জাতীয় স্থান নির্বাচনের পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনীতি করতে হলে রেডিমেড লোকের ওপর নির্ভর হলে চলবে না।