চেয়ারম্যান-ইউএনও বিতণ্ডা তালিকা তৈরি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুরে চলতি অর্থবছরের কাবিখা ও টিআর প্রকল্পের তালিকা চূড়ান্ত করা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প চূড়ান্ত করা নিয়ে মাসিক সমন্বয় সভায় গতকাল মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে।
উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে প্রথম দফায় কাজীপুর উপজেলার জন্য কাবিখার ১৬৭ মেট্রিক টন ও টিআরের ১৪২ মেট্রিক টন চাল বা গম বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী প্রকল্প চূড়ান্ত করে গত ডিসেম্বর মাসের মধ্যেই তা বাস্তবায়ন করার কথা। পরে জেলা প্রশাসকের কাছ থেকে সময় বাড়িয়ে নেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন বরাদ্দকৃত শস্যের বিপরীতে প্রকল্প চূড়ান্ত করতে ব্যর্থ হয়। এ নিয়ে সর্বশেষ গতকাল উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়।
সভায় উপস্থিত একাধিক ব্যক্তি বলেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের জন্য বরাদ্দকৃত শস্যের ২০ শতাংশ এককভাবে দেওয়ার কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরোধিতা করে সব ইউনিয়ন চেয়ারম্যানের মতামতের ভিত্তিতে প্রকল্প চূড়ান্ত করার কথা বলেন। এ নিয়ে দীর্ঘ সময় বাগ্বিতণ্ডা শেষে একপর্যায়ে বণ্টন বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত তালিকা চূড়ান্ত করার কাজ স্থগিত রেখে স্থানীয় সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরামর্শের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, জেলার অন্য উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের কাজ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু এই উপজেলায় এখনো প্রকল্প চূড়ান্ত করা যাচ্ছে না, যা উন্নয়নের পথে বাধা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, বিধি মোতাবেক সরকারের বিভিন্ন বিভাগ উপজেলা পরিষদ পরিচালনা করবে। ইউএনও সাচিবিক সহায়তা দেবেন। এখানে ইউএনওর হস্তক্ষেপ উপজেলা পরিষদ মানতে রাজি নয়। সে কারণে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে।
ইউএনও সাফিউল ইসলাম বলেন, সরকারি বরাদ্দের ২০ শতাংশ উপজেলা পরিষদের নামে কাটা হয়। চেয়ারম্যান ২০ শতাংশ বরাদ্দ নিজের মতো করে গুরুত্বহীন প্রকল্প দিয়ে সরকারি অর্থের অপচয় করার চেষ্টা করছেন; যা মেনে নেওয়া যায় না। সভার অন্য সদস্যরাও এ বিষয়ে একমত।