চেয়ারম্যান-মেম্বারের ক্ষোভ, মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তার কাজর লাগি গেলে চেয়ারম্যানে কইন ভোট দিছি না। মেম্বারে কইন ইলেকশনে টেখা দিয়া ভোট কিনা লাগে—রাস্তার কাজ করি কিতা লাভ! চেয়ারম্যান-মেম্বারের রাজনীতিতে রাস্তা নিয়া আমরা বড় বিপদে আছি।’ ক্ষোভের সঙ্গে এ কথা বলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াগ্রাম মাঝেরদাঁড়া এলাকার বাসিন্দা বাদল মিয়া (৪০)। তাঁর কথায় মাথা নেড়ে সায় দেন আলী হোসেন, নজরুল ইসলামসহ আরও কয়েকজন।
সরেজমিনে গতকাল শনিবার সকালে দেখা গেছে, টানা কয়েক দিনের বৃষ্টিতে মাঝেরদাঁড়াসহ আশপাশের নয়াগ্রাম বাজার-খালেরমুখ বাজার, ইউসুফনগর দাঁড়া ও শিমুলতলাদাঁড়া কাঁচা রাস্তার বিভিন্ন অংশ দেড়-দুই ফুট পানিতে তলিয়ে আছে। কাদা-জলে ভিজে লোকজন চলাচল করছেন।
এলাকাবাসী জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে বৃষ্টিতে রাস্তাগুলো তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে এসব রাস্তায় সংস্কারকাজ হচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনের সময় টাকা দিয়ে ভোট কেনার কথা কখনো আমি কাউকে বলিনি। মাঝেরদাঁড়াসহ ওয়ার্ডের আরও কয়েকটি বেহাল রাস্তা সংস্কারের বিষয়ে ইউপি চেয়ারম্যানকে একাধিকবার বলেছি। কিন্তু কোনো প্রকল্পভুক্ত না করায় রাস্তাগুলোর সংস্কারকাজ করানো যাচ্ছে না।’
ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম বলেন, ‘নয়াগ্রামসহ আশপাশের বেলাগাঁও ও জাঙ্গিরাই গ্রামের লোকজন আমাকে ভোট কম দিয়েছেন। এর পরও এসব এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ করে যাচ্ছি। মাঝেরদাঁড়াসহ অন্যান্য রাস্তা সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’