চেয়ারম্যান-সদস্যদের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলন করে উচাখিলা ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেছেন আটজন সদস্য। চেয়ারম্যান পাল্টা সংবাদ সম্মেলন করে বলেছেন, ওই সদস্যরাই অনিয়মে জড়িত।

উচাখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) আটজন সদস্য গত সোমবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কালাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, উচাখিলা ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্প (টিআর), কাজের বিনিময়ে খাদ্য ও টাকা (কাবিখা ও কাবিটা) কর্মসূচি, স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি), বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), হতদরিদ্রদের জন্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচিসহ নানা প্রকল্প বাস্তবায়নে সীমাহীন অনিয়ম করছেন। এসব অনিয়মের প্রতিবাদ করার কারণে চেয়ারম্যান এই আট সদস্যের মতামত নেন না। ফলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও তাঁরা পরিষদে কোনো ভূমিকা রাখতে পারছেন না।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ওই ইউপি সদস্যরাই ভিজিএফ বরাদ্দের স্লিপ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। ফলে দুস্থ মানুষের কাছে তাঁকে জবাবদিহি করতে হয়। এ ছাড়া ওই ইউপি সদস্যরা বিএনপিপন্থী হিসেবে পরিচিত। সমস্যা বাধিয়ে তাঁরা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছেন।

চেয়ারম্যান শফিকুল গত বৃহস্পতিবার ইউপি কার্যালয় ভবনে পাল্টা সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, ওই ইউপি সদস্যরা নিয়ম না মেনে নিজেদের ইচ্ছামতো কাজ করতে চান। তাঁরা বিভিন্ন প্রকল্প নিয়ে নয়ছয় করেছেন। এতে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল হেকিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য মো. বদরুল আলম প্রমুখ।

এদিকে সংবাদ সম্মেলন চলাকালে ইউপি ভবনের সামনে উৎসুক জনতা ভিড় করে। তাঁদের কয়েকজন বলেন, চেয়ারম্যান ও সদস্যদের এ বিরোধ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলছে।

উচাখিলা ইউপিভুক্ত বিভিন্ন ওয়ার্ডের এই নাগরিকেরা নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি। তবে তাঁরা এলাকার স্বার্থে অবিলম্বে এই দ্বন্দ্বের অবসান চান।