চেয়ারে বসা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্রদলের কর্মিসভায় সামনের সারির চেয়ারে বসা নিয়ে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। ছাত্রদলের একাধিক সূত্রে জানা গেছে, উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে দুটি পক্ষ রয়েছে। এর মধ্যে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল হাওলাদার এবং সমাজসেবা সম্পাদক গাজী জাহিদুল ইসলাম দুটি পক্ষের নেতৃত্ব দেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে কর্মিসভা শুরু হয়। এ সময় পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আশফাকুর রহমান এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্চে আসন গ্রহণের পরপরই সভাস্থলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হন। এর মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে কামাল হাওলাদার বলেন, ‘উপজেলা ছাত্রদলের কর্মিসভা পণ্ড করে দেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে গাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে কিছু কর্মী সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এর জের ধরে সংঘর্ষ বেধে যায়।’গাজী জাহিদুল ইসলাম দাবি করেন, কর্মিসভা শুরু হলে জাকারিয়া ও মহিউদ্দিন নামের দুই কর্মী সভাস্থলে সামনের সারির চেয়ারে বসতে গেলে তাঁদের সেখানে বসতে না দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। এ নিয়ে সংঘর্ষ শুরু হয়।