চৈতালি মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়া
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা বিদ্যালয়সংলগ্ন খেলার মাঠে চৈতালি মেলার নামে অশ্লীল নৃত্যের প্রদর্শনী ও জুয়া খেলা চলছে। প্রশাসনের অনুমতি ছাড়াই আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা এ মেলার আয়োজন করেছেন। রাতের বেলা মেলায় মাইকে উচ্চ শব্দে গান বাজানোর কারণে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে এবং এলাকাবাসীর ঘুমোতে সমস্যা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ৬২ বছর ধরে প্রতিবছর বাংলা চৈত্র মাসের ৪ তারিখ থেকে সপ্তাহব্যাপী ওই বিদ্যালয়ের মাঠে মেলা চলে। ইউনিয়ন পরিষদ থেকে ইজারা নিয়ে মেলা আয়োজন করার নিয়ম আছে। অথচ এ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদসহ কয়েকজন ইজারা না নিয়ে ১ চৈত্র থেকে মেলা শুরু করেন। ৩০ চৈত্র পর্যন্ত মেলা চলবে।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, মূলত দেশীয় আসবাব প্রদর্শন ও বিক্রির জন্য এ মেলার আয়োজন করা হয়। কিন্তু এ বছর জাদু প্রদর্শনী ও পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া এখানে ফরগুটি, চরকা, ওয়ানটেন, গুডস লটারি ও লাকি কুপনের নামে জুয়া খেলা চলছে। শাহপুর পুলিশ ক্যাম্প ও জীবননগর থানার পুলিশের টহল দলের উপস্থিতিতেই এসব অপকর্ম চলছে।শামসুল হক নামের এক অভিভাবক অভিযোগ করেন, মাইকে উচ্চ শব্দে গান বাজানোর কারণে মসজিদে মুসল্লিরা মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারছেন না। দিন ও রাতে মাইকে গান বাজতে থাকায় এইচএসসি পরীক্ষার্থীদেরও সমস্যা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান, মাইকের শব্দের কারণে মেলার আশপাশের বাড়িগুলোর লোকজন ঘুমাতে পারছেন না।মেলার প্রধান উদ্যোক্তা আওয়ামী লীগ নেতা শফিকুল আলম বলেন, ‘অনুমতি ছাড়াই মেলা চলছে এবং তা ৩০ চৈত্র (১৩ এপ্রিল) পর্যন্ত চালানোর ইচ্ছে রয়েছে। এখানে অশ্লীল নৃত্যের প্রদর্শনী ও জুয়ার আসর বসানোর অভিযোগ সঠিক নয়।’জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান জানান, চৈতালি মেলায় অশ্লীল নৃত্যের প্রদর্শনী ও জুয়া খেলা আয়োজনের বিষয়ে কেউ তাঁর কাছে অভিযোগ করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুর রহমান জানান, আন্দুলবাড়িয়ায় মেলা আয়োজন করার বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন।