চৈতি রাতে স্বস্তির বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় গতকাল শুক্রবার রাতের বৃষ্টিতে স্বস্তি মিলেছে। বসন্তের শেষভাগে, চৈত্রের তেজি রোদে গত কয়েক দিন ধরে উষ্ণতা চলছিল। ধুলো, ধোঁয়া আর গরমে নগর জীবনে যেন আইঢাই শুরু হয়ে গিয়েছিল। কাল রাতের বৃষ্টিতে প্রশান্তি মিলেছে। রাজপথ, অলিগলিতে ধুলোও মরেছে।

গতকাল শুক্রবার মধ্যরাতের পরে হঠাৎ ঝুমবৃষ্টি নামে। হিমেল বাতাসে জুড়িয়ে যায় শরীর। সকালে ঢাকার তেজতুরী বাজার, গার্ডেন রোড, নাখালপাড়াসহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা যায়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পানি সরে যায়।

কয়েক দিন ধরেই বসন্তের বাতাসের সঙ্গে রাজধানীতে ছিল প্রচণ্ড ধুলো। পথচারীদের অনেককেই তাই বলতে শোনা গেছে, ধুলা কমার জন্য বৃষ্টি দরকার ছিল। পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা মুদি দোকানি মালেক বলেন, ‘ভাই, ধুলার জ্বালায় দোকানে টিকন যায় না। বৃষ্টি হইয়া ধুলা মরছে। আইজ একটু শান্তিতে দোকান করতে পারমু।’