চৈত্রসংক্রান্তি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৈত্রসংক্রান্তিতে নীলের গাজন উপলক্ষে গীত-নৃত্য পরিবেশন করে অর্থ সংগ্রহের রীতি রয়েছে গ্রামাঞ্চলে। ছবিটি মঠবাড়িয়ার সবুজ নগর গ্রাম থেকে তোলা l এ কে এম ফয়সাল
চৈত্রসংক্রান্তিতে নীলের গাজন উপলক্ষে গীত-নৃত্য পরিবেশন করে অর্থ সংগ্রহের রীতি রয়েছে গ্রামাঞ্চলে। ছবিটি মঠবাড়িয়ার সবুজ নগর গ্রাম থেকে তোলা l এ কে এম ফয়সাল

ঝরা পাতার মতো ঝরে যাচ্ছে আরও একটি বছর। আজ বাংলা ১৪২১ সনের শেষ দিন। চৈত্রসংক্রান্তি। চলে গেল বসন্তের দিনও।
বাংলা বর্ষপঞ্জির শেষ মাস চৈত্রের নামকরণ হয়েছিল চিত্রা নক্ষত্রের নামে। আবহমানকাল থেকে এই জনপদে বছরের শেষ দিনটি দান, স্নান, ব্রতসহ বিভিন্ন মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের ভেতর দিয়ে পালনের রীতি চলে আসছে। বাংলার লোকসংস্কৃতির বিশেষ উপাদানে পরিগণিত হয়েছে চৈত্রসংক্রান্তির এসব আয়োজন।
বছরের বিদায়বেলায় মানুষ সাধারণত অতীতের সব গ্লানি, ব্যর্থতা, রোগ-শোক, বালা-মুসিবত থেকে মুক্তির প্রত্যাশা করে। মনে আশা থাকে নতুন বছর বয়ে আনবে সুখ, শান্তি, সচ্ছলতা। এর ওপর ভিত্তি করেই কৃষিভিত্তিক এই জনপদে চৈত্রসংক্রান্তির আচার-আয়োজনগুলোর উদ্ভব হয়েছিল। চৈত্রের দহন আরও তীব্র হয় গ্রীষ্মে। সঙ্গে ঝড়ঝাপটার দাপট। এসব থেকে রক্ষা পেতে সূর্যকে স্তবস্তুতি করে তুষ্ট রাখাই ছিল চৈত্রসংক্রান্তির লোকাচারের মূল ভাবনা।
চৈত্রসংক্রান্তির লৌকিক আচার-অনুষ্ঠানের মধ্যে প্রধান হলো গাজন। গাজন শুরু হয় চৈত্রের শেষ দিন থেকে, চলে আষাঢ়ী পূর্ণিমা পর্যন্ত। গাজন হয় সাধারণত শিব ও নীলের। সনাতনী বিশ্বাস ছিল, চৈত্রের শুরু থেকে বর্ষার শুরু পর্যন্ত সূর্যের যে প্রখর উত্তাপ, গাজনের স্তবস্তুতিতে তা প্রশমিত হয়। গাজনে অষ্টক গান ও নৃত্যের রীতি প্রচলিত রয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এ ছাড়া সংক্রান্তির আরেকটি প্রধান আয়োজন থাকে চড়ক। সংক্রান্তির কয়েক দিন আগে থেকেই চড়কগাছ নিয়ে ভক্তের দল গ্রামে গ্রামে ঘুরে কীর্তন ও শীবের গীত গেয়ে অর্থ সংগ্রহ করে। এই দলে একজন শিব ও একজন গৌরীর সাজে সজ্জিত থাকেন। পরে সংক্রান্তির দিনে চড়ক ঘোরানোর আয়োজন করা হয়।
এসব লৌকিক, ধর্মীয় আচার-অনুষ্ঠানের বাইরে বছরের শেষ দিনটিতে গ্রামাঞ্চলে ঘরদোর লেপা-পোছা, বিশেষত সকালবেলায় ঘর পরিচ্ছন্ন করা ও গরু-বাছুরের গা ধুইয়ে দেওয়ার রীতি প্রচলিত। এ সময়টায় উদরাময়, চর্মরোগ— এসবের প্রকোপ বাড়ে। তাই বছরের শেষ দিনে নিরামিষ ও তেতো খাওয়ার চল রয়েছে। এককালে সাত রকমের তেতো শাকের বিভিন্ন পদ রান্না হতো। মেয়ে-জামাইকে নাইওর আনা, নতুন পোশাক-আশাক উপহার দেওয়ার রীতিও চালু ছিল গ্রামাঞ্চলে। দিন বদলেছে, এসব রীতি-রেওয়াজ এখন প্রায় উঠেই গেছে। তবে চৈত্রসংক্রান্তির মেলা চালু আছে অনেক অঞ্চলে। এলাকাভেদে সংক্রান্তির মেলা এক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত চলে। ঐতিহ্যবাহী কারুপণ্য, খাজা-গজা প্রভৃতির সমারোহ ঘটে গ্রামীণ মেলাগুলোতে। মেলাকে কেন্দ্র করেই এখন মুখর হয়ে ওঠে চৈত্রসংক্রান্তির উৎসব।
ঢাকার আয়োজন: রাজধানীতে বর্ষবিদায় উপলক্ষে চৈত্রস ংক্রান্তির উৎসব আয়োজন করা হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। বিশিষ্ট শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিচালিত সংগীত সংগঠন সুরের ধারার আয়োজনে বর্ষবিদায় ও নববর্ষ বরণের ছয় ঘণ্টাব্যাপী গানের অনুষ্ঠান শুরু হবে আজ রোববার সন্ধ্যা ছয়টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে। পঞ্চকবির গান নিয়ে এই অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ চৈত্রসংক্রান্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করবে বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের সামনে। এতে থাকবে সংগীত ও নৃত্য। পরে নাটমণ্ডলে মঞ্চস্থ হবে পদ্মপুরাণ অবলম্বনে নাটক চম্পক নগরের উপকথা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সন্ধ্যায় থাকবে সংগীতানুষ্ঠান। জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন বিকেল সাড়ে চারটায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অতঃপর রাত পোহালেই পয়লা বৈশাখ। বিপুল প্রাণের উৎসবে মেতে উঠবে বাঙালি।