চৈত্রসংক্রান্তির 'গাছ ঘোরানোর মেলা'

বিকেল চারটা বাজতে না বাজতেই টাউন বারোয়ারির মাঠটি মানুষে ভরে উঠতে শুরু করেছে। মাঠের দুই পাশে বসেছে ছোট ছোট দোকান। বাতাসা-মুড়কি-খাজা-জিলাপি-ঝুরি-কটকটিসহ নানা পদের মিষ্টি খাবারের দোকানই বেশি। আছে শিশুদের খেলনার পসরাও।
বগুড়া শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণের উপজেলা শহর শেরপুর। এ শহরের প্রায় মাঝখানে টাউন বারোয়ারির মাঠ। সেখানেই আজ মেলা বসেছিল, চৈত্রসংক্রান্তির মেলা।
দেশজুড়ে আজ পয়লা বৈশাখের আনন্দ। তবে সনাতন হিন্দু সমাজ পঞ্জিকা মেনে চলে। ওই পঞ্জিকামতে আজ শুক্রবার সংক্রান্তি, কাল পয়লা বৈশাখ। সংক্রান্তির এ মেলায় আর দশটা মেলার মতো খাবার, খেলনার আয়োজন আছে বটে। তবে এ আয়োজন একটি বিশেষ উপলক্ষে। সেই উপলক্ষের কথা খোলাসা করল স্কুল পড়ুয়া অনীক। বলল, ‘এট্যা চড়কের ম্যালা। গাছ ঘোরানো হয় সে জন্যই আসি। আর খেলনা তো কিনিই।’
শুধু গাছ ঘোরানোই নয়, শারীরিক আরও নানা কসরত এ মেলার বড় আকর্ষণ।
চড়ক অর্থাৎ শিবের পূজা। মধ্যবিত্ত বর্ণ হিন্দু সমাজে এ পূজার চল নেই। এ পূজা সাধারণত অন্তজ শ্রেণির মানুষেরাই করেন। চড়কের পূজারিরা ৯ থেকে ১৫ দিন পর্যন্ত দল ধরে দিনমান গৃহস্থের বাড়িতে গিয়ে নৃত্যগীত করেন। একদিন কোনো বাড়িতে গিয়ে রাতের আতিথ্য গ্রহণ করেন। রাতে চড়কের পূজা হয়। হয় গান-নাচ।
টাউন বারোয়ারির মাঠের একেবারে উত্তর পাশে টিনের চালায় করা হয়েছে ক্ষণস্থায়ী মন্দির। কাঠের লম্বাটে একটি খণ্ড চড়কের প্রতীক। এর পাশে শিবের মূর্তিও আছে। সেখানে চলছে পূজার আয়োজন। জোর লয়ে বাজছে ঢাক। নারী-পুরুষনির্বিশেষে এসে চড়কের সামনে হচ্ছেন প্রণত। সময় যত গড়াচ্ছে, মানুষের ভিড় বাড়ছে মেলা প্রাঙ্গণে।
এদিকে মেলার পশ্চিম দিকে হচ্ছে এক বিশেষ আয়োজন। সেখানে স্তূপ করা হচ্ছে কাঠ। সেখানে চড়কের সন্ন্যাসী এসে যজ্ঞ করে আগুন জ্বালিয়ে দিলেন। সেই আগুনে হেঁটে গেলেন এক চড়কভক্ত। ঢোলের তালে তালে উলুধ্বনি প্রবল হলো।
এসব আচার-অনুষ্ঠানের মধ্যে কিন্তু থেমে নেই মেলার বিকিকিনি। শেরপুর থেকে চার কিলোমিটার দূরের গ্রাম চিলজান থেকে মাটির নানা খেলনা নিয়ে এসেছেন সাধন পাল। আছে শিশুদের ঘরকন্নার হাঁড়িপাতিল, শিলনোড়া। তবে মাটির পুতুল নেই। কেন? সাধন বললেন, ‘পেলাসটিকের পুতুলে সব ভইর্যা গ্যাছে। মাটির পুতুল দুর্গাপূজার ম্যালায় কিছু বিক্রি হয়। অ্যাখন কেউ কেনে না।’
বংশ পরম্পরায় এ মৃৎশিল্পীর কণ্ঠে হতাশার ধ্বনি স্পষ্ট। ক্ষীয়মাণ এ শিল্পকে সাধনের মতো কেউ কেউ আঁকড়ে আছেন।
কদিন আগেই করতোয়া পাড়ের এই মফস্বল শহরে হয়ে গেছে বারুণির মেলা। এর রেশ কাটতে না কাটতেই সংক্রান্তির মেলা হাজির। ফুটকালাই, কদমা, জিলিপির কদর অবশ্য তাতে কমেনি। মিষ্টির দোকানি বিশু দাশ বললেন, ‘যা মাল আনি সব উইঠ্যা যায়। বাকি থাকে না কিছু।’

কাগজ ও শোলার তৈরি খেলনা নিয়ে প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন মেলায় ঘোরেন হরেন বৈরাগী। জানালেন, আগে বক-হাঁসসহ নানা প্রাণী বানাতেন। এখন সেসবের কদর নেই। পুরোনো আইটেমের মধ্যে কেবল কাঠঠোকরাই টিকে আছে। ছেলেকে সেই কাঠঠোকরা কিনে দিলেন দীনেশ রায়। বললেন, ‘হ্যাঁ আমার ছোটবেলায় এটা কিনছি।’
মেলায় এসেছিলেন খন্দকার খালেদ পারভেজ। জানান, এ মেলা তাঁর ছেলেবেলার স্মৃতির সঙ্গে জড়িত। তিনি বললেন, সংক্রান্তির মেলায় ধর্মীয় একটা দিক আছে। তবে আমাদের দেশের সব মেলা আসলে সব ধর্মের মানুষের মিলনের স্থল। সে দিকটি কেউ উপেক্ষা করতে পারে না।বেলা পড়ে আসছে। ঢাকের বাজনা প্রবল হচ্ছে। মেলা প্রাঙ্গণ নানা বয়সী মানুষের ভিড়ে ঠাসা। মাঠের মধ্যেখানে যে বিশাল গর্ত করা হয়েছে সেখানে গাছ পোতা হচ্ছে। সেখানেই হবে গাছ ঘোরানো। এবার বলে নেওয়া যাক, গাছ ঘোরানো নিয়ে। গাছের একেবারে মাথায় আড়াআড়িভাবে বাঁশ লাগানো হয়েছে। বাঁশের দুই পাশে দড়ি ঝুলিয়ে দেওয়া আছে। সেখানে একজনের পিঠে বড়শি লাগিয়ে ঘোরানো হবে একটু পর। যাঁর পিঠে বড়শি লাগানো হবে, সেই বীরেন সরকার এসেছেন। আজ ৩৫ বছরেরও বেশি সময় ধরে তাঁর পিঠে বড়শি ফোটানো হচ্ছে।
শিবপূজা বা চড়কপূজার সঙ্গে এভাবে শরীরে বড়শি ফোটানোর সম্পর্ক কী? চড়ক দলের সন্ন্যাসী নারায়ণ চন্দ্র পাল বললেন, আমাদের সন্ন্যাস ব্রতের মূল কথা হলো, শরীরের কাম-ক্রোধ-লোভকে সংবরণ। যে বাণ রাজার তত্ত্ব আমরা বিশ্বাস করি, সেখানে বলা আছে, শরীরে বড়শি ফোটানো বা আগুনে হাঁটা এই কঠিন ব্রতগুলো আসলে তপস্যার ফসল। এভাবে তপস্যায় রিপু নষ্ট হয়। সন্ন্যাস লাভ হয়।
মেলা প্রাঙ্গণে অনেকেই বড়শি ফোটানোর এ দৃশ্য দেখতে গিয়ে শিউরে ওঠেন। তারপরও অজস্র ভক্তের উলুধ্বনিতে, ঢোলের প্রবল বাদ্যে বীরেনের শরীর ঘোরে গাছের সঙ্গে। পুরো মেলা প্রাঙ্গণের সবার দৃষ্টি গাছটির দিকে। একসময় তাঁকে নামানো হয়। তাঁর শরীরে বড়শি ফুটেই থাকে। সন্ধ্যা নেমে আসে। উপস্থিত অনেকেই অর্থ সহায়তা দেন বীরেনকে।
পূজার বাদ্য কমে আসে। চড়কপূজার এ বছরের আয়োজন শেষ হলো, শেষ হলো চৈত্রসংক্রান্তির। এবার অপেক্ষা নতুন বছরের।