চৈত্রে বই উৎসবে পাঠকের মুখোমুখি তিন লেখক

পাঠকের মুখোমুখি লেখক—লেখককে কাছে পেয়ে তাঁদের একে একে প্রশ্ন করছেন পাঠকেরা, আর লেখকেরাও অবিশ্রান্তভাবে দিয়ে চলেছেন সেসব জিজ্ঞাসার উত্তর। তার আগে অবশ্য তাঁরা কথা বলেছেন নিজেদের বইয়ের বিভিন্ন প্রসঙ্গে। আয়োজনটি ছিল প্রথমা প্রকাশনের তিনটি বইকে কেন্দ্র করে। বাংলাদেশের ১০টি প্রকাশনা প্রতিষ্ঠানের উদ্যোগে চলমান ‘চৈত্রে বই উৎসব’-এ গতকাল শুক্রবার মুক্ত আলোচনা হলো সৈয়দ আবুল মকসুদের লেখা ঢাকা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা, মহিউদ্দিন আহমেদের বিএনপি: সময়-অসময় এবং আনিসুল হকের উপন্যাস জেনারেল ও নারীরা নিয়ে। বিকেলে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে পাঠকের মুখোমুখি হয়ে এই তিন বইয়ের লেখকই জানালেন বইগুলো রচনার প্রেক্ষাপট, সঙ্গে জানা গেল তাঁদের নানা ভাবনাও।
অ্যাডর্নের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আনিসুল হক বলেন, ‘আমার এই উপন্যাসে বানোয়াট কোনো কিছু নেই। এখানে এমন কিছু নেই, যা ইতিহাসে নেই।’ তিনি বলেন, ‘এই উপন্যাস লিখতে গিয়ে আমাকে নানা ধরনের বই পড়তে হয়েছে, দেখেছি সেই সময়ের সরকারি নথিও। সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে ইয়াহিয়া খান কতটা দুশ্চরিত্র ছিলেন। আমার বইয়ে আমি এক বিন্দুও বাড়িয়ে লিখিনি।’
বিএনপি: সময়-অসময় বইয়ের লেখক মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক দলের ইতিহাস লেখার চল খুব একটা নেই। যা অল্পবিস্তর লেখা হয়েছে, তার অধিকাংশই কোনো পক্ষাবলম্বন করে লেখা। ফলে কখনো সেটি হয়েছে বন্দনার পুঁথি, কখনো-বা নিন্দায় ভরপুর। আসলে এ ধরনের বই রচনা লেখকের জন্য যেমন চ্যালেঞ্জের বিষয়, তেমনি বইটি পড়ার ক্ষেত্রে পাঠকের জন্যও তা সমান চ্যালেঞ্জের। কারণ, অনেক ক্ষেত্রে কোনো দল সম্পর্কে পাঠকের পূর্বধারণা থাকে। তবে বিএনপি: সময়-অসময় লেখার ক্ষেত্রে আমি নিরপেক্ষভাবেই চারপাশে তাকিয়েছি।’
‘স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান সবচেয়ে বেশি। সে কারণেই এ শিক্ষায়তন সম্পর্কে আমার এই গবেষণা’—কেন লেখা হলো বইটি, বক্তব্যের শুরুতে সেই কথাটিই জানিয়ে দিলেন সৈয়দ আবুল মকসুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা বইটি লেখার প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘১৯৭৯ সালে আমি যখন ইউরোপে গিয়ে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর ইতিহাস সম্পর্কে জেনেছি, তখনই এ বইয়ের পাণ্ডুলিপি তৈরিতে মনোযোগী হয়েছি। এটি ২৫ বছর আগেই বের হতে পারত। নানা কারণে সেটি হয়নি। এখন এ বই বের হওয়ার পর আমি এর দ্বিতীয় খণ্ডের কাজ করছি।’ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ। শেষ পর্বে সংগীত পরিবেশন করেন মাহমুদুজ্জামান বাবু। উৎসবের সপ্তম দিনে আজ বিকেলে অ্যাডর্ন প্রকাশিত বই নিয়ে একই স্থানে থাকছে লেখক-পাঠকের মুক্ত আলোচনা।
সময় বাড়ল: ২ এপ্রিল শুরু হওয়া ‘চৈত্রে বই উৎসব’-এর সময় বেড়েছে দুই দিন। ১২ তারিখ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে উৎসবটি চলবে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত। এতে অংশ নিচ্ছে অনন্যা, অনুপম, অ্যাডর্ন, কাকলী, স্টার বুকস, প্রতীক, অবসর, প্রথমা প্রকাশন, বিশ্বসাহিত্য কেন্দ্র, বেঙ্গল পাবলিকেশনস ও সময় প্রকাশন।