চৈত্রের গরম, বাড়ছে ডাব-শরবতের বিক্রি
শীতকালে মতিঝিলের ব্যাংকপাড়ায় চা-বিক্রি করেন জসিম। ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত চা-ই বিক্রি করেছেন। এখন নামিয়েছেন শরবতের গাড়ি। বেচাবিক্রি কেমন জানতে চাইলে বললেন, ‘দুপুর ১২টার আগে তো বসতেই দেয় না। তা-ও হইতেছে। ধরেন ছয়-সাত শ গ্লাস। আরও বাড়বে ইনশা আল্লাহ।’
গত মঙ্গলবার ছিল চৈত্রের ৮ তারিখ। সকাল থেকে রোদও ছিল বেশ। আবহাওয়া অফিসের কর্মকর্তা ওমর ফারুক বলেন, চৈত্র মাস থেকেই গরমের আঁচটা অনুভূত হতে থাকে। বৈশাখ মাসে গিয়ে তীব্রভাবে অনুভূত হবে এই গরম। আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেন্টিগ্রেড।
চলতিপথে গরমে স্বস্তি পেতে নগরবাসী ডাব কিনে খাচ্ছে, খাচ্ছে লেবুর শরবতসহ বিভিন্ন ফলের শরবত, আখের রস, আনারস ও তরমুজ। যাঁরা এসব পণ্যের ব্যবসা করেন, তাঁদের বেশির ভাগই মূলত মৌসুমি ব্যবসায়ী। শীতকালে অন্য কিছু বিক্রি করেন কিংবা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান। কথা হচ্ছিল ডাব বিক্রেতা বিল্লাল হোসেনের সঙ্গে। বাড়ি লক্ষ্মীপুর। আশির দশকের শুরু থেকে ঢাকায় আছেন। বরাবর ডাবই বিক্রি করেন। এখন প্রতিদিন প্রায় ৮০টি ডাব বিক্রি হয়। আশা করছেন, কয়েক দিনের মধ্যেই ১০০ ছাড়িয়ে যাবে।
বিভিন্ন ব্যাংক থেকে ক্রেতারা এসে বড় বোতলে করে ভরে নিয়ে যাচ্ছিলেন। মুগদা থেকে মতিঝিল রুটে চলা লেগুনা গাড়ির চালক শফিককে পাওয়া গেল সেখানে। প্রায়ই এখানে এসে ডাব খান। বললেন, ‘স্যালাইনের চেয়ে ডাবই ভালো।’
উল্টো দিকে শরবত আর ফলের রসের দুটো ভ্যানগাড়ি পাশাপাশি দাঁড়িয়ে। জসিম বিক্রি করছিলেন লেবুর শরবত, আর আশরাফ অন্যান্য ফলের শরবত। আগে রাস্তার ওপর গাড়ি রেখে তাঁরা শরবত বিক্রি করতেন, যানজট হয় বলে এখন যেখানে-সেখানে গাড়ি রাখতে পারেন না। তবু বেচাবিক্রি মোটের ওপর ভালো বলেই জানালেন। কথা হচ্ছিল আয়েশা বেগম নামের এক নারীর সঙ্গে। আখের রস কিনে খাচ্ছিলেন তিনি। রাস্তার ধারে খোলা শরবত খাওয়া ঠিক হচ্ছে কি না—জানতে চাইলে বলেন, ‘খারাপ হচ্ছে। তারপরও গরম পড়লে উপায় কী।’
তবে খোলা খাবার ও পানীয় যে নানা রোগের কারণ, তা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, শরবত কী পানি দিয়ে বানানো হয়, তার কোনো ঠিক নেই। মাছের পচন ঠেকাতে যে বরফ ব্যবহার করা হয়, সেই বরফ শরবতে মেশানো হয়। এই বরফগুলো বিশুদ্ধ পানি দিয়ে জমানো হয় না। বিক্রেতারা যে গামছা দিয়ে বরফের চাঁই ঢেকে রাখেন, সেটাও প্রায় সব সময় নোংরা থাকে। দূষিত পানি পেটে গেলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ও জন্ডিস হতে পারে, এটা সব সময় মনে রাখা দরকার বলে মন্তব্য করেন তিনি।