চৈত্রের গরমে স্বস্তির বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের উত্তাপ সরিয়ে দিল স্বস্তির বৃষ্টি। টানা নয় দিন পর আজ সোমবার সকালে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে। হালকা বৃষ্টির সঙ্গে বয়ে গেছে দমকা হাওয়া।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কেবল ঢাকায় নয়, দেশের বিভিন্ন স্থানে কম-বেশি বৃষ্টি হয়েছে। রাজধানীতে এর মাত্রা ছিল সামান্য। তবে রংপুরের রাজারহাটে আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি ৫৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় শ্রীমঙ্গলে ১৮, ময়মনসিংহে ৩৫, দিনাজপুরে ২৪, সৈয়দপুরে ১২, সিলেটে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কালবৈশাখীও বয়ে গেছে।
ঢাকায় সবশেষ বৃষ্টি হয়েছে ১৯ মার্চ।
পূর্বাভাস: আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, সিলেট, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, মার্চ মাসে বৃষ্টি কম হওয়ায় গরম বেড়েছিল। তবে এ বৃষ্টির ফলে গরম কমে আসবে।
এপ্রিল মাসে বেশ গরম পড়তে পারে। দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে বেশ কয়েকটি তাপপ্রবাহ।

৬ মার্চ প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, এপ্রিলে দেশের ওপর দিয়ে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে প্রচণ্ড গরম পড়তে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এ ছাড়া একটি মৃদু তাপপ্রবাহের জন্য তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। অন্যদিকে আরও একটি মাঝারি তাপপ্রবাহের কারণে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করার সম্ভাবনা রয়েছে।
এপ্রিলে গরম যেমন দাপট দেখাবে, তেমনি ঝড়-বৃষ্টি আর নিম্নচাপও থাকবে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের যেসব স্থানে গরম পড়বে, সেখানে ঝড়-বজ্র বৃষ্টি ও কালবৈশাখী হতে পারে। এ কারণে এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।