চৈত্রের দুঃখ ভোলাতে পারছে না বৈশাখী ধান
এবার বৈশাখের শুরু থেকে হাওরে পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। এবার একরপ্রতি গড় ফলন ভালো। ভালো ফলনের ইতিবাচক প্রভাব পড়েছে মেঘনা নদী ঘেঁষে গড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও কিশোরগঞ্জের ভৈরব বাজারের ধানের মোকামে। দুই মোকামের ঘাটেই এখন ধানবোঝাই ট্রলারের জট। ওই দুই মোকামে প্রতিদিন প্রায় এক লাখ ৫০ হাজার মণ ধান আমদানি হচ্ছে। ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সবকিছু ঠিকমতো এগোচ্ছে, বিপত্তি শুধু দাম নিয়ে। ধানের দাম পেয়ে মোটেও তৃপ্ত হতে পারছেন না কৃষকেরা। বিশেষ করে বর্গাচাষিদের মাথায় হাত। আশুগঞ্জ মোকামে ধান বিক্রির টাকা হাতে পেয়ে হাওরবেষ্টিত অষ্টগ্রামের উপজেলার পূর্ব অষ্টগ্রাম গ্রামের ঠাকুরবাড়ির আঙ্গুর ঠাকুর (৪০) এবং ভৈরব ও আশুগঞ্জের ধান ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, নেত্রকোনা, কিশোরগঞ্জের ইটনা, নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম, সিলেটের সুনামগঞ্জ, আজমিরীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রায় ৯৫ ভাগ ধান কেনা-বেচা হয় ভৈরব ও আশুগঞ্জের মোকামে। বৈশাখের শুরু থেকে প্রতিদিন ট্রলার বোঝাই করে নতুন ধান ওই দুই মোকামে আসছে। গতকাল সোমবার ভৈরব এবং তার আগে শনিবার আশুগঞ্জ মোকামে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে দুই মোকাম। ভৈরববাজারে গতকাল মোটা জাতের (হিরা) ধান বিক্রি হয়েছে মণপ্রতি ৪০০ থেকে ৪১০ টাকায়। বিআর ২৮ ও ২৯ বিক্রি হয়েছে মণপ্রতি সর্বোচ্চ ৫০০ টাকায়। আশুগঞ্জ মোকামেও দর এর বেশি উঠছে না। ভৈরবে ধান বিক্রি করতে আসা হবিগঞ্জের আজমিরীগঞ্জের কৃষক সাদির মিয়া (৫৫) বলেন, ‘এক একর জমিতে ধান ফলাতে সব মিলাইয়া এহন খরচ হয় ২৫ হাজার টাকা। মণপ্রতি ৬০০ টাকা পাইলে বাঁচন যাইত।’ ইটনার বর্গাচাষি রহমত আলী (৫০) বলেন, ‘মরণ হইছে বর্গাচাষির। কারণ, একরপ্রতি ৮ থাইক্কা ১০ হাজার টাকা দিয়া জমি বর্গা নিতে হয়। সব ব্যয় মিটাইয়া এক পয়সাও ঘরে নেওন যাইব বইল্লা মনে হয় না।’ ধানের দাম কমে যাওয়ার কারণ জানতে কথা হয় আশুগঞ্জ ধান-চাল ব্যবসায়ী সমিতির সভাপতি জহিরুল হকের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাজারে এখনো পুরোনো চালের আমদানি রয়েছে। সেই কারণেই নতুন ধানের ওপর চাপ কম। কৃষক বাঁচাতে দ্রুত সরকারি উদ্যোগ জরুরি।’ ভৈরব ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের মতে, কয়েক দিন পর আমদানি আরও বেড়ে যাবে। সে ক্ষেত্রে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। বাজার যেন আর নিম্নমুখী না হয়, সরকারকে সেই উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তিনি।