চৈত্রের প্রকৃতিজুড়ে আষাঢ়ের মেঘ-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্র মাস শেষ হতে চলেছে। কিন্তু কাঠফাটা রোদের প্রায় দেখাই মিলল না। বরং মাঝেমধ্যেই প্রকৃতিজুড়ে দেখা দিচ্ছে আষাঢ়ের মতো মেঘ আর বৃষ্টি। তাই চৈত্রের নিদাঘের পরিবর্তে জনজীবনে হিম হিম শীতের অনুভূতি।
সপ্তাহ খানেক ধরে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। এর আগেও হয়েছে। কোনো দিন একবেলা একবার। কোনো দিন সারা দিন-রাতে কয়েকবার। গতকাল শনিবারও ঢাকাসহ দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ রোববারও বৃষ্টি হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টি হবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে। ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায়। বৃষ্টির সঙ্গে থাকবে দমকা অথবা ঝোড়ো হাওয়া। হবে বজ্রপাতও। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর অধিকাংশের ওপর দিয়ে বয়ে যাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া। এ জন্য ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে দেশের অধিকাংশ নদীবন্দরকে। অন্যগুলোকে দেখাতে হবে ১ নম্বর সংকেত।
গত শুক্রবার বঙ্গোপসাগরেও লঘুচাপ ও সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টির পূর্বাভাস দিয়ে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল। তবে গতকাল তা তুলে নেওয়া হয়েছে।
চৈত্রে কি এই অবস্থা স্বাভাবিক? প্রায় পুরো চৈত্রে এ রকম হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক প্রথম আলোকে বলেন, বর্ষাকাল আসার আগে এই সময়ে (মার্চ-এপ্রিল-মে) এ রকম অবস্থা অস্বাভাবিক নয়। এগুলো আসলে কালবৈশাখীর একটি রূপ। এটি একটি স্বল্পকালীন আবহাওয়া পরিস্থিতি।
এই পরিস্থিতি সম্পর্কে আবুল কালাম মল্লিক এবং আরও কয়েকজন আবহাওয়াবিদের ব্যাখ্যা হলো—এই সময়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমে মেঘ সৃষ্টি হয়। এই মেঘ বাতাসে ভেসে চলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। উত্তর-পশ্চিম থেকে মেঘের সঙ্গে আসা বাতাস থাকে উত্তপ্ত ও শুষ্ক। আর দক্ষিণের বাতাস থাকে উত্তপ্ত ও আর্দ্র। এ দুয়ের সংমিশ্রণে সৃষ্টি হয় গভীর সঞ্চরণশীল মেঘমালা। এই মেঘ বৃষ্টি ঝরায়। কখনো শিলাবৃষ্টিও হয়। সঙ্গে থাকে দমকা অথবা ঝোড়ো বাতাস।
সাধারণত এ রকম ঝড়-বৃষ্টি আলাদা আলাদাভাবে দেশের বিভিন্ন স্থানে দিনে একবার হয়। পরপর কয়েক দিন ধরেও একবার করে হতে পারে।