চৈত্রের বর্ষণে জলাবদ্ধ নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে গতকাল সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে যায়। দেখা দেয় জলাবদ্ধতা। ছবিটি সিলেট–সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকা থেকে তোলা l প্রথম আলো
সিলেটে গতকাল সকাল থেকে বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে যায়। দেখা দেয় জলাবদ্ধতা। ছবিটি সিলেট–সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকা থেকে তোলা l প্রথম আলো

চৈত্র চলছে। ঋতুচক্রের হিসাবে প্রচণ্ড দাবদাহ থাকার কথা থাকলেও কয়েক দিন ধরে সিলেটে বিরামহীন বৃষ্টি হচ্ছে। গতকাল মঙ্গলবার ভোর থেকে বেলা একটা পর্যন্ত ছিল প্রচণ্ড বর্ষণ। আর সেই বর্ষণে তলিয়ে যায় নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, এমনকি বসতবাড়িও। চৈত্রের বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।
নগরের বিভিন্ন এলাকার অন্তত আটজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, টানা কয়েক দিন ঝুম বৃষ্টি হচ্ছে। সচরাচর চৈত্র মাসে এমন বৃষ্টি অতীতে খুব একটা দেখা যায়নি। এর আগে জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণের বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা দেখা দিত। কিন্তু এবার নগরবাসীকে অনেক আগেই জলাবদ্ধতার শিকার হতে হলো।
গতকাল সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে পাঠানটোলা, সুবিদবাজার, লামাপাড়া, শিবগঞ্জ, রায়নগর, সেনপাড়া, বারুতখানা, হাওয়াপাড়া, উপশহর, যতরপুর, সোবহানীঘাট, শাপলাবাগ, লালাদীঘিরপাড় ও ঝালোপাড়াসহ অন্তত ২০টি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি ছিল। জলাবদ্ধতার কারণে নর্দমার ময়লা-আবর্জনায় রাস্তাঘাট সয়লাব হয়ে গেছে। তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় বেলা তিনটার পর প্রায় সব এলাকার পানি সরে যায়।
সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটোলা এলাকায় বেলা ১১টার দিকে দেখা গেছে হাঁটুসমান পানি। পানিতে ভেসে বেড়াচ্ছে পরিত্যক্ত বোতল, কর্কশিট, ক্লিনিক্যাল বর্জ্যসহ নানা আবর্জনা। সেই নোংরা পানি ডিঙিয়ে যানবাহন চলছে। একটি সিএনজিচালিত অটোরিকশায় পানি ঢুকে সেটি বিকল হয়ে পড়েছে। চালক কোনো রকমে ঠেলে গাড়িটিকে রাস্তার এক পাশে নিয়ে যান।
পাঠানটোলার ব্যবসায়ী আফতাব উদ্দিন বলেন, ‘জলাবদ্ধতা হলেই সড়কটি ডুবে যায়। এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।’ একই এলাকার ইসমাইল মিয়া বলেন, ‘বছরের পর বছর ধরে পাঠানটোলার এই সড়কে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। বর্ষা এলেই দুর্ভোগ বেড়ে যায়। সিটি করপোরেশন কর্তৃপক্ষের বিষয়টি ভেবে দেখা উচিত।’
দুপুর সাড়ে ১২টার দিকে লামাপাড়ায় গেলে স্থানীয় বাসিন্দা মাহমুদা আক্তার বলেন, ‘ভোর থেকেই বৃষ্টি। টানা বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। রান্নাঘরে পানি ঢুকে পড়ায় সকালবেলা রান্নাবান্না বন্ধ ছিল।’
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘প্রকৃতির ওপর আমাদের কারওরই নিয়ন্ত্রণ নেই। হুট করে অসময়ে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় নগরবাসীকে কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। তবে অনেক আগে থেকেই এবার নর্দমাগুলো পরিষ্কার করায় কয়েকটি স্থান ছাড়া অন্য কোথাও জলাবদ্ধতা আগের মতো দেখা যায়নি। এটি অবশ্যই ইতিবাচক।’
এনামুল হাবীব জানান, বৃষ্টি কমলে আবারও নর্দমায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। তাই আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।