চৈত্রের বৃষ্টিতে কপালে ভাঁজ তরমুজচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হওয়া টানা কয়েক দিনের বৃষ্টি নোয়াখালীর সুবর্ণচরের তরমুজচাষিদের দুশ্চিন্তা বাড়িয়েছে। বৃষ্টিতে অনেক কৃষকের খেতের তরমুজ পচে গেছে। তরমুজ বিক্রি করে এবার উৎপাদন খরচ না ওঠার আশঙ্কা করছেন তাঁরা। গত বছরও উপজেলায় তরমুজের ফলন কম হয়েছে। সেই ক্ষতি এবার পুষিয়ে নিতে চেয়েছেন তাঁরা। উল্টো এবার তরমুজের আকার ছোট হওয়াতে ব্যাপারীরাও কিনতে আগ্রহী হচ্ছেন না।
গতকাল রোববার সরেজমিনে উপজেলার চর ওয়াপদা, চর আমিনুল হক, চর জব্বার, চর আমানউল্লাহ এলাকায় ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে খেতেই পচে গেছে অনেক তরমুজ। চরওয়াপদা গ্রামের কৃষক রেনু মিয়া জানান, এ বছর দেড় লাখ টাকা খরচ করে প্রায় ৩ একর জমিতে তিনি তরমুজ চাষ করেছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে খেতের বেশির ভাগ গাছ মরে যাচ্ছে। এবার তরমুজের আকারও ছোট হয়েছে। এখন খেতে যা তরমুজ রয়েছে, তা বিক্রি করে তাঁর খরচ উঠবে না।
পূর্ব চরজব্বারের কৃষক আশরাফ আলী জানান, প্রায় ৪ একর জমিতে তরমুজ চাষ করেছেন তিনি। ফলন বাবদ তাঁর খরচ হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। পোকার আক্রমণ ও বৃষ্টিতে গাছ মরে গেছে। তাঁর ধারণা, খেতে থাকা তরমুজ বিক্রি করে ৫০ হাজার টাকাও পাবেন না তিনি।
একই এলাকার তরমুজচাষি সালাহ উদ্দিন আক্ষেপ করে বলেন, অতিবৃষ্টিতে তাঁর প্রায় আড়াই একর জমির তরমুজগাছ প্রায় মরে গেছে। তরমুজগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। আকারে ছোট ও অপরিপক্ব হওয়ায় ব্যাপারীরা কেনার আগ্রহও দেখাচ্ছেন না। লাখ টাকার মতো লোকসান হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত বছর ফলন কম হওয়ায় এ বছর সুবর্ণচরে তরমুজ চাষে কৃষকদের মধ্যে আগ্রহ কম ছিল। ৩ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে ২ হাজার ৪০০ হেক্টর জমিতে।
জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বৃষ্টির কারণে কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে যেসব কৃষক বৃষ্টির আগেই তরমুজ বিক্রি করে দিয়েছেন, তাঁদের ক্ষতি হয়নি। তরমুজের আকার ছোট হওয়ার বিষয়ে তিনি বলেন, সার, কীটনাশক নিয়ম মেনে না দেওয়া এবং খেতে আগাছা বেশি থাকলে তরমুজের আকার ছোট হতে পারে।
চর আমানউল্লার কৃষক ইউছুফ আলী বলেন, তিনি চার বছর ধরে তরমুজ চাষ করছেন। গত বছর ফলন কম ও আকারে ছোট হলেও প্রায় ৭০-৮০ হাজার টাকা লাভ হয়েছে। এবার নিজের টাকার পাশাপাশি আরও দেড় লাখ টাকা ঋণ নিয়ে প্রায় ৭ একর জমিতে তরমুজ চাষ করেছেন। কিন্তু গাছে ফলন আসার কয়েক দিন পরই বৃষ্টির কবলে পড়ে সব গাছ মরে গেছে। এ অবস্থায় কীভাবে ঋণ পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।