চৈত্রের রোদে পুড়ে মন্ত্রীকে অভ্যর্থনা

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল শনিবার ক্লাস বন্ধ রেখে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিবালয়ের আরুয়া ইউনিয়নের মালুচী গ্রামে মুক্তিযোদ্ধা সমাবেশ ও স্বাধীনতা মেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাঁকে স্বাগত জানাতে ওই গ্রামের রাস্তার দুই পাশে মালুচী, ঘোনাপাড়া এবং কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালুচী বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের দুই ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর ঢাকা জেলার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ওই সমাবেশ ও মেলার আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে মালুচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মালুচী বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার উভয় পাশে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছে। তাদের কারও হাতে কাগজের তৈরি জাতীয় পতাকা এবং কারও হাতে গাঁদা ফুলের ডালি। তাদের সঙ্গে কয়েকজন শিক্ষকও দাঁড়িয়ে ছিলেন। ছবি তুলতে গেলে মালুচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল নাহার এ প্রতিবেদককে ছবি না তোলার অনুরোধ জানান। তিনি বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে শিক্ষার্থীদের দাঁড় করানো হয়েছে।
ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদ হোসেন বলেন, ‘ইচ্ছা না থাকলেও অনেক সময় এসব কাজ করতে হয়।’ কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রথম ক্লাস হওয়ার পর শিক্ষকেরা তাদের প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে রাস্তায় নিয়ে এসেছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে মালুচী বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে যোগ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সাংসদ অধ্যক্ষ আবদুর রউফ খান।
বেলা তিনটা পর্যন্ত সমাবেশ চলাকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাবেশস্থলে উপস্থিত রাখা হয়। বক্তৃতা চলাকালে প্রচণ্ড গরমে বেশ কিছু শিক্ষার্থী কৌশলে বাড়ি চলে যায়। তবে মূল ফটকের সামনে আয়োজক কমিটির কয়েকজন সদস্য বাধা দেওয়ায় অনেক শিক্ষার্থীকে শেষ পর্যন্ত অবস্থান করতে হয়।
রাস্তায় কোনো শিক্ষার্থীকে দাড় করিয়েরাখা হয়নি দাবি করে মালুচী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মালুচী বহুমুখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং সাবেক সাংসদ আবদুর রউফ খান বলেন, শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর ব্যাপারে পরিপত্র জারি করা হয়েছে বলে তিনি জানেন।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গালিভ খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো বন্ধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পরও ব্যতিক্রম ঘটলে বিষয়টি খতিয়ে দেখা হবে।