চোখ থাকতেও পুলিশের চোখে ‘অন্ধ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই চোখ ভালো থাকার পরও পিরোজপুরের কাউখালী থানার এক উপপরিদর্শক (এসআই) একটি ডাকাতি মামলার অভিযোগপত্রে (চার্জশিট) এক ব্যক্তিকে ‘অন্ধ’ হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় ওই মামলার বাদীই বিস্ময় প্রকাশ করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধাবরী গ্রামের ইয়াকুব আলী সরদারের বাড়িতে ২০১০ সালের ৭ ডিসেম্বর ডাকাতির ঘটনায় পরের দিন তিনি কাউখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।চলতি বছরের এপ্রিলে পিরোজপুর জেলা জজ আদালতে কাউখালী থানার এসআই শাহজাহান আলী ওই মামলার অভিযোগপত্রে আটজন আসামির নাম উল্লেখ করেন। আসামিদের মধ্যে সয়না রঘুনাথপুর ইউনিয়নের খায়রুজ্জামানের বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘খায়রুজ্জামান বর্তমানে অন্ধ। ডাকাতির সময় তাঁর চোখ ভালো ছিল। তিনি এলাকার কুখ্যাত ডাকাত বিধায় এলাকার মানুষ তাঁর চোখ তুলে দেয়।’খায়রুজ্জামান বলেন, ‘২০০৫ সালে একটি মারামারি মামলায় কারাবন্দী হই। কারাগারে থাকা অবস্থায় ইউপি সদস্য নির্বাচিত হই। ২০১০ সালের ২ ফেব্রুয়ারি এলাকার কিছু লোক বাড়ি থেকে ডেকে নিয়ে আমার ওপর হামলা চালায় এবং মৃত ভেবে ফেলে রেখে যায়। হামলাকারী স্থানীয় নূর ইসলাম খান, হানিফ শেখ ও দুলাল খানের বিরুদ্ধে কাউখালী থানায় একটি মামলা দায়ের করি।’খায়রুজ্জামান আরও বলেন, ‘চলতি বছর অনুষ্ঠিত ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগে পুলিশ এক দিন আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আমাকে ডাকাতি মামলায় আদালতে চালান দেওয়া হয়। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নির্বাচনে অংশ নিই। আমার বিরুদ্ধে করা ডাকাতি মামলার বাদী ইয়াকুব আলী সরদারও ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন।’স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাঈদ মিয়া জানান, খায়রুজ্জামানের চোখ ভালো। এলাকাবাসী তাঁর চোখ উৎপাটন করেছে—এ কথা ঠিক নয়। পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ফারুক আহম্মেদ সরদার বলেন, ‘তদন্ত কর্মকর্তা খায়রুজ্জামানের বিরুদ্ধে মনগড়া অভিযোগপত্র দাখিল করেছেন। গত ২৭ আগস্ট খায়রুজ্জামানের সঙ্গে আমার দেখা হয়েছে। তাঁর চোখ ভালো।’খায়রুজ্জামানের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, ‘মিথ্যা অভিযোগপত্র আদালতে জমা দেওয়ায় কাউখালী থানার এসআই শাহজাহান আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে আবেদন জানাব।’এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা শাহজাহান আলীর কাছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি খায়রুজ্জামানকে দেখেন নাই?’কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘খায়রুজ্জামান অন্ধ নন, এলাকাবাসী তাঁর চোখ উৎপাটন করেনি। তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে তাঁকে (খায়রুজ্জামান) ভুলভাবে অন্ধ উল্লেখ করেছেন।’ মামলার বাদী ইয়াকুব আলী সরদার বলেন, ‘খায়রুজ্জামানসহ এ মামলার আসামিরা আমার বাড়িতে ডাকাতি করতে পারে তা কোনোভাবেই আমার বিশ্বাস হয় না। খায়রুজ্জামান অন্ধ—এ কথা অভিযোগপত্রে উল্লেখ করায় আমি বিস্মিত হয়েছি।’পিরোজপুর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, খুন-ডাকাতিসহ গুরুতর অভিযোগের মামলায় কোনো আসামির উল্লেখযোগ্য জখম বা কোনো অঙ্গহানি থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সনদ নিয়ে অভিযোগপত্রের সঙ্গে জমা দেওয়ার নিয়ম রয়েছে।আদালত সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তা শাহজাহান আলী এ-সংক্রান্ত কোনো চিকিৎসা সনদ অভিযোগপত্রের সঙ্গে জমা দেননি।