যশোরে গতকাল শনিবার এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, একধরনের শিক্ষক চোখ বন্ধ করলে দেশ দেখতে পান; অন্যরা দেখেন পরিবার-সন্তানদের। দেশের জন্য প্রথম ধরনের শিক্ষকদের দরকার।
যশোর জিলা স্কুল মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সভায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে দুই ধরনের শিক্ষক আছেন। এক ধরনের শিক্ষক চোখ বন্ধ করে দেশ দেখতে পান। অন্যরা দেখেন, নিজের পরিবার-সন্তান। দেশ দেখতে পাওয়া শিক্ষকদের আমাদের দরকার।’
যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী। বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের সাংসদ স্বপন ভট্টাচার্য ও মনিরুল ইসলাম এবং জেলা প্রশাসক হুমায়ুন কবীর। সভায় শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক মাসুদুর রহমান ও মনিরুজ্জামান এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের মধ্য থেকে এ কে এম খয়রাত হোসেন ও আবদুল মোতালেব বক্তব্য দেন।
মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান আরও বলেন, স্লিপের নামে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ৩০-৪০ হাজার ও প্রাক্-প্রাথমিক শিক্ষার উন্নয়নে বছরে ৫ হাজার করে টাকা দেওয়া হয়। এ টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের বেশি বেতনের মোহ ত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বেতন কত পাবেন, এই চুক্তি করে আপনারা এ পেশায় আসেননি। শিক্ষার্থীরা শিখছে কি না, সেদিকে খেয়াল রাখুন। প্রাথমিক শিক্ষায় আমরা গতি সৃষ্টি করতে পারছি না কেন, তা অনুধাবন করুন।’
সভায় যশোরের আটটি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও বিদ্যালয় পরিচালক কমিটির সভাপতিসহ শিক্ষাসংশ্লিষ্ট অন্তত ৫০০ জন অংশ নেন।