পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষী রাশিদুল ইসলাম। তিনি শহীদ শিক্ষক আবুল খায়েরের ছোট ছেলে।
জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা থেকে তাঁর চোখের সামনে থেকে বাবাকে অস্ত্রধারীরা ধরে নিয়ে যায়।
বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রাশিদুল ইসলামের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে রাশিদুল ইসলাম বলেন, একাত্তরে তাঁর বয়স ছিল ছয় বছর। তাঁর বাবা আবুল খায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। একাত্তরের ১৪ ডিসেম্বর তাঁর বাবা চাদর গায়ে ফুলার রোডের আবাসিক শিক্ষকদের বাসার সামনে হাঁটতে বের হন। এ সময় তিনি (রাশিদুল) বাসার বারান্দায় খেলছিলেন। তিনি দেখেন, বাবা হাঁটতে বের হওয়ার পর চার-পাঁচজন অস্ত্রধারী আগন্তুক তাঁর বাবার কাছে গিয়ে প্রশ্ন করেন, ‘আপনি কি ড. আবুল খায়ের?’ জবাবে তাঁর বাবা হ্যাঁ বললে অস্ত্রধারীরা তাঁর বাবাকে গায়ের চাদর দিয়ে চোখ বাঁধে। এ ঘটনা দেখার পর সঙ্গে সঙ্গে তিনি মাকে জানান। মা দ্রুত আগন্তুকদের কাছ থেকে বাবাকে ছাড়াতে যান। এ সময় আগন্তুকেরা অস্ত্র উঁচিয়ে মাকে গুলি করার ভয় দেখায়। পরে তাঁর বাবাকে কাদামাখা একটি মাইক্রোবাসে তোলা হয়। একই সময় তাঁদের বাসার চতুর্থ তলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফজলে মুহিতকেও ধরে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের ওই সাক্ষী বলেন, দেশ স্বাধীনের পর তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের যে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়, তার চালক মফিজ ও অধ্যাপক গিয়াসউদ্দিনের ভাগনি মাসুদা বানুর (রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী) কাছে তাঁরা শোনেন, বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন।
চালক মফিজের স্বীকারোক্তি অনুসারে মিরপুরের বধ্যভূমি থেকে তাঁর বাবাসহ আরও কয়েকজন বুদ্ধিজীবীর লাশ উদ্ধার করা হয়। চাদর দেখে তাঁরা বাবার গলিত লাশ শনাক্ত করেন।
স্বাধীনতার পর পত্রিকায় আশরাফুজ্জামানের ‘জল্লাদের ডায়েরি’ প্রকাশিত হলে তিনি তা দেখেন। ওই ডায়েরিতে বুদ্ধিজীবীদের নামের তালিকায় তাঁর বাবার নামও ছিল। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি বাবাসহ বুদ্ধিজীবী হত্যার বিচার চান।
জবানবন্দি শেষে রাশিদুল ইসলামকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।
আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনার বাবাকে অপহরণে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। রাশিদুল ইসলামের জবানবন্দি শেষে এ মামলায় পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।