চোখ ভিজে যায় জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার চোখ ভিজে ওঠে জলে। কেমন স্তব্ধ হয়ে ওঠে চারপাশ। মেঘলা আকাশ যেন ভর করে সবার ওপর। মানুষের ওপর নির্যাতন, মানুষের কষ্ট ও আর্তনাদের কথা শুনে কার না মন বিষণ্ন হয়! এভাবেই বেদনাভারাক্রান্ত কিছুটা সময় কেটেছে সবার। কথা বলছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত সাবেক সাংসদ ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। নিজের ওপর নির্যাতনের বিবরণ, অন্যদের ওপর নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি নিজেও কান্না আটকাতে পারছিলেন না। তার এই কান্নার জল ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে।গতকাল বুধবার ছিল মৌলভীবাজার পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। প্রথম আলো বন্ধুসভা মৌলভীবাজার শাখা মৌলভীবাজার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) আয়োজন করে ‘ফিরে দেখা একাত্তর’ শিরোনামে মুক্তিযুদ্ধ নিয়ে এক স্মৃতিচারণামূলক সভার। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রত্যক্ষ যোদ্ধার বিবরণের মাধ্যমে তুলে ধরতেই এই আয়োজন।মৌলভীবাজার পিটিআই কেন্দ্র ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার। এখানে একটি পাকা পরিখা খনন করেছিল তারা। যা এখনো আছে। পাকিস্তানি হানাদারেরা এই পিটিআই কেন্দ্র ও পরিখায় মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে নির্যাতন করত। নারীদের নির্যাতন করত। অনেককে হত্যা করে পাশের কুয়ায় ফেলে দেয়। সেই কথাগুলোই বলছিলেন আজিজুর রহমান। পিটিআই কেন্দ্রের পরিখার সামনে ঘাসের ওপর বসে তাঁর কথা নীরব আগ্রহে শুনছিল সবাই। যারা চোখে মুক্তিযুদ্ধ দেখেনি। আজিজুর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন এমপিএ (মেম্বার অব প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি), মৌলভীবাজার মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেখ মুজিবুর রহমানের আহ্বানে গঠিত মহকুমা সংগ্রাম কমিটির আহ্বায়ক। এরপর ১৯৭১ সালের ৭ মে সিলেট জেল থেকে মুক্তি পেয়ে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়ার কথা বলেন। বন্ধুসভার সভাপতি পূর্ণা রায় ভৌমিকের সভাপতিত্বে পিটিআই কেন্দ্রে স্মৃতিচারণা আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন প্রথম আলোর মৌলভীবাজার প্রতিনিধি আকমল হোসেন। অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্বপ্নের নানাদিক নিয়ে কথা বলেন বন্ধুসভার উপদেষ্টা মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল খালিক, সহকারী অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, রানু তালুকদার ও পিটিআইয়ের প্রশিক্ষক ফারুক হোসেন। সংগীত পরিবেশন করেন বন্ধুসভার প্রিয়াংকা পাল চৌধুরী ও মৌসুমী দেব। আবৃত্তি করেন কন্থৌজম শিল্পী। উপস্থাপনা করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক অপূর্ব সোহাগ। এর আগে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহূত পরিখার সামনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। আলোচনার শুরুতে আজিজুর রহমানের হাতে নিজের আঁকা একটি ছবি তুলে দেয় বন্ধুসভার খুদে সদস্য অন্বয় তালুকদার।