চোখ ভেসে যায় জলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকির চেয়ারম্যান নামে এক ব্যক্তির ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। মুক্তিযুদ্ধের সময় দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি তাঁর ১৭ জন বন্ধু নিয়ে মুক্তিবাহিনীতে যোগদানের জন্য গ্রামের বাড়িতে আসেন। রাতে খেয়েদেয়ে যখন তাঁর বন্ধুরা বিশ্রামে যাবেন, তখন ফকির চেয়ারম্যান তাঁদের মুক্তিবাহিনীতে নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের করেন। বন্ধুর বাবার কথা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টগবগে ১৭ জন তরুণ ঘর থেকে বের হয়ে ফকির চেয়ারম্যানের পিছু নেন। তাঁরা তখনো জানতেন না, এই ফকির চেয়ারম্যান রাজাকার বাহিনীর সদস্য। হাঁটতে হাঁটতে একসময় ফকির চেয়ারম্যান ১৭ জন তরুণকে নিয়ে গিয়ে পাকিস্তানি বাহিনীর লোকদের হাতে তুলে দেন। পাকিস্তানি বাহিনীর লোকেরা বিশাল একটি গর্ত করে সেই গর্তে ১৭ জনকে জীবন্ত কবর দেয়। এর পর থেকে সেই স্থানটি ‘শিখা সতেরো’ নামে পরিচিতি পেয়ে আসছে। সেখানে এখন একটি স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। আর এটির অবস্থান সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামের লালপুল এলাকায়।মুক্তিযুদ্ধের সময়কার এই কাহিনি যখন ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র পাভেল আহমদ বলছিল, তখন হলভর্তি ৪০০ শিক্ষার্থী-শিক্ষকের চোখে জল চলে আসে। একপর্যায়ে পাভেল নিজেও চোখের জল সংবরণ করতে পারেনি। এভাবেই গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনভর মুক্তিযুদ্ধের সময়কার সিলেট অঞ্চলের বিভিন্ন কাহিনি শোনায় শিক্ষার্থীরা। সেই সব কাহিনি শুনতে শুনতে চোখ জলে ভাসিয়েছে হলভর্তি সবাই। মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল ‘ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মানবাধিকার ও সম্প্রীতির ভাবধারায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি’ শীর্ষক সিলেট বিভাগীয় নেটওয়ার্ক শিক্ষক ও প্রত্যক্ষদর্শীর ভাষ্য-সংগ্রহকারী শিক্ষার্থীদের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয় দিনব্যাপী অনুষ্ঠান। শুরুতেই সূচনা বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি চিকিৎসক সারওয়ার আলী। এরপর মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-প্রাবন্ধিক মফিদুল হক ও আমেনা খাতুন শুভেচ্ছা বক্তব্য দেন। পরে উপস্থিত শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক জামালুর রহমান, শিক্ষক আতাউর রহমান, মো. রিয়াজুল ইসলাম, রাশেদা বেগম, প্রাণেষ চন্দ্র দত্ত, আবদুল মালেক, ইকবাল বাহার তালুকদার, মো. কামাল হোসেন, ফাইজুল ইসলাম, মৃণাল কান্তি সিংহ, সৈয়দ রমিজ উদ্দিন, রাণুকুমার তালুকদার প্রমুখ।মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী ভাষ্য-সংগ্রহকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেয় ইমরানা সুলতানা, পাভেল আহমদ, সুলতানা রাজিয়া ও আলী আহমদ মিজান। বক্তারা বলেন, ‘শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সময়কার যেসব কাহিনি আমাদের শুনিয়েছে, এতে আমরা শিহরিত। কত রক্ত-শ্রম-ঘাম-আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে; সেই সব কাহিনি শুনলে আমাদের বুক গর্বে ফুলে ওঠে।’বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠানে বিশিষ্ট লেখক-প্রাবন্ধিক মফিদুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা লালন করলে তরুণ প্রজন্ম মানবিক ও অসাম্প্রদায়িক হতে শিখবে। এই চেতনার মধ্য দিয়েই কিন্তু আমরা একটা পরিবর্তন সমাজে নিয়ে আসতে পারব।’ তিনি আরও বলেন, ‘তোমরা হয়তো জানো, ঢাকায় একটি আন্তর্জাতিক মানের মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি শুধু ইট-পাথরের জাদুঘর নয়, এতে অন্তরের টান রয়েছে। কারণ এটির নির্মাণের সঙ্গে সব শ্রেণীপেশার মানুষ সম্পৃক্ত রয়েছে। আমরা চাই তরুণ প্রজন্ম এই জাদুঘর নির্মাণে মুখ্য ভূমিকা রাখুক।’সবশেষে নৃত্যশিল্পী বিপুল শর্মার পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী মুক্তিযুদ্ধভিত্তিক গীতি-নৃত্যালেখ্য প্রতিদান মঞ্চায়ন করেছে। এ ছাড়া বৃহত্তর সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান-কবিতা-নৃত্য পরিবেশনায় অংশ নেন।