
চুয়াডাঙ্গায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরের অস্ত্রোপচারে ২০ জনের ক্ষতিগ্রস্ত হওয়া এবং এ ঘটনায় নেওয়া পদক্ষেপের বিষয়ে জানতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে তলব করেছেন হাইকোর্ট। ৯ জুলাই বেলা দুইটায় আদালতে তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।
গত ২৯ মার্চ ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ১ এপ্রিল হাইকোর্ট কয়েকটি বিষয়ে রুল দেন। রুলে ওই চক্ষু শিবিরের অস্ত্রোপচারে ক্ষতিগ্রস্ত ২০ জনের প্রত্যককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়।
আইনজীবী অমিত দাশ গুপ্ত নিজে শুনানিতে অংশ নেন। ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে ছিলেন আইনজীবী এম আমীর উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
অমিত দাশ গুপ্ত প্রথম আলোকে বলেন, রুলের জবাব এখনো দাখিল করা হয়নি। রুল শুনানিকালে আদালত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে ৯ জুলাই আদালতে হাজির হতে মৌখিকভাবে আদেশ দিয়েছেন। ওই ঘটনার ব্যাখ্যা জানতে ও ঘটনার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে তাঁদের আসতে বলা হয়েছে। সেদিন তাঁদের হাজিরা নিশ্চিত করতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে তিন দিনের চক্ষু শিবিরের দ্বিতীয় দিন ৫ মার্চ ২৪ জন নারী-পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়। অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক মোহাম্মদ শাহীন। তবে বাসায় ফিরেই ২০ জন রোগীর চোখে সংক্রমণ দেখা দেয়। এতে তাঁদের একটি করে চোখ নষ্ট হয়ে যায় এবং চোখ তুলে ফেলতে হয়েছে।