চোখ হারাল শিশুটি!
রাজধানীর জুরাইনে আজ মঙ্গলবার ককটেল বিস্ফোরণে রহিমা আক্তার (৯) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। চিকিত্সকেরা বলছেন, ককটেলের স্প্লিন্টারের আঘাতে শিশুটির ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ চোখ দিয়ে দেখার সম্ভাবনা কম।
এদিকে এ ঘটনা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলামসহ সাতজন আহত হয়েছেন। ওসিসহ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। কয়েকজন প্রাথমিক চিকিত্সা নিয়ে বাসায় ফিরে গেছেন।
আহত শিশু রহিমার মা সোমা আক্তার প্রথম আলো ডটকমকে বলেন, শ্যামপুর থানার পশ্চিম জুরাইনে চার সন্তান ও স্বামী নিয়ে থাকেন তিনি। সন্তানদের মধ্যে রহিমা দ্বিতীয়। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীতে পড়ে। শিশুটির মা জানান, বেলা পৌনে ১১টার দিকে বাসার সামনে পশ্চিম জুরাইনের বালুর মাঠে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল রহিমা। পাশেই একটি সিমেন্টের পরিত্যক্ত বস্তার নিচে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সে তা কুড়িয়ে নেয়। খেলার বল মনে করে সে ওই টেপ খুলতে গেলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে তার দুই চোখ, হাত, পেটসহ শরীরের বিভিন্ন অংশে স্প্লিন্টার ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ককটেল বিস্ফোরণে শিশু আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
হাসপাতালটির চক্ষু বিভাগের সহকারী রেজিস্ট্রার আল মাহমুদ লেমন প্রথম আলো ডটকমকে বলেন, ককটেলের স্প্লিন্টারে শিশুটির দুই চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি হয়েছে ডান চোখ। স্প্লিন্টারের আঘাতে ডান চোখের ভেতরে ফেটে গেছে। ওই চোখ দিয়ে দেখার সম্ভাবনা খুব কম। তার পরও ভালো করার জন্য চিকিত্সা চলছে।
রহিমার মা কাঁদতে কাঁদতে প্রথম আলো ডটকমকে বলেন, তাঁর স্বামী সোবহান মোল্লা আগে অটোরিকশা চালালেও বর্তমানে তেমন কিছুই করেন না। তিনি (সোমা) আগে বাসা বাড়িতে কাজ করতেন; শারীরিক অসুস্থতার কারণে তা এখন করতে পারেন না। তাঁর মা-বোনদের আর্থিক সহায়তায় টিকে আছেন তাঁরা। রহিমার এমন পরিস্থিতিতে চরম অসহায় বোধ করছেন তিনি।
রহিমা বলেন, ‘সকালে খিচুড়ি খাইয়া মাঠে খেলতে গেছিল আমার মাইয়া। চিত্কার শুইনা গিয়া দেখি, তার সারা গায়ে রক্ত। এখন আমি কী করমু? মাইয়ার চিকিত্সা কীভাবে করামু?’