চোখ হারালেন ফটো সাংবাদিক মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন
মোশাররফ হোসেন

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক চোখ হারালেন ফোকাস বাংলার ফটোসাংবাদিক মোশাররফ হোসেন (২৫)। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকেরা স্বজনদের জানিয়েছেন, মোশাররফের ডান চোখ নষ্ট হয়ে গেছে।
গত শনিবার রাত ১০টার দিকে বংশালে ছবি তুলতে গিয়ে ডান চোখে গুরুতর জখমপ্রাপ্ত হন তিনি। এ সময় আহত হন বেসরকারি টেলিভিশনের ভিডিওচিত্র গ্রাহক মো. মাসুম।
মোশাররফ জানান, পুলিশের ছোড়া শটগানের গুলিতে এ ঘটনা ঘটেছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
ফোকাস বাংলার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ দায় এড়াতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। মোশাররফের মামা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তাঁর চোখে অস্ত্রোপচার করা হয়। মোশাররফের চোখে ছোট একটি বস্তু পাওয়া গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। কিন্তু সেটা ককটেলের স্প্লিন্টার না গুলি, তা নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল দুপুরে মোশাররফকে দেখতে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, তাঁর উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করা হবে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, একই ঘটনায় আহত গাজী টেলিভিশনের ভিডিও চিত্রগ্রাহক মোহাম্মদ মাসুম আহত হয়েছেন। তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
গতকাল রোববার রাতে পুরানা পল্টন এলাকায় ককটেল বিস্ফোরণে স্বাধীন সংবাদ নামের একটি পত্রিকার প্রতিবেদক সিরাজুল ইসলাম আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।