চোখে অস্ত্রোপচার না করেই দেশে ফিরল অনিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনিক। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনিক। ফাইল ছবি

ককটেলের আঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিক আজ সন্ধ্যার দিকে দেশে পৌঁছেছে। তবে তাকে দেশে ফিরতে হচ্ছে ডান চোখে অস্ত্রোপচার ছাড়াই। আজ রোববার ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছে অনিকের বাবা মিজানুর রহমান প্রথম আলোকে মোবাইল ফোনে এ তথ্য জানান।
ঢাকার উদ্দেশে চেন্নাই ছাড়ার আগে অনিক জানায়, সে আগের চেয়ে ভালো আছে। মাথায় যন্ত্রণা কিছুটা কমেছে। তবে ডান চোখে সে কিছুই দেখতে পায় না।
বর্তমান সরকারের বর্ষপূর্তিতে আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা দিবস’ ও বিএনপি জোটের ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনকে কেন্দ্র করে রাজনৈতিক কমর্সূচির দিন ৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ফেনী শহরের খেজুর চত্বরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আহত হয় অনিক।
গত ২২ জানুয়ারি অনিককে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই নেওয়া হয়। অনিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেন্নাই যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে অনিকের বাবা দেখা করেন। এ সময় অনিকের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী পাঁচ লাখ টাকা দেন। অনিককে চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে ভর্তি করার কথা ছিল। তবে অনিকের মাথার ভেতরের আঘাত গুরুতর হওয়ায় চোখের অস্ত্রোপচার করার আগে মাথায় অস্ত্রোপচার করা হয় চেন্নাইয়ের আরেকটি হাসপাতালে। একই সঙ্গে কপালের আঘাতের স্থানে প্লাস্টিক সার্জারি করা হয়।

অনিকের বাবা জানান, চেন্নাইয়ের চিকিৎসকেরা জানিয়েছেন, ছয় মাস পর অনিকের চোখের অস্ত্রোপচার করতে হবে। আর তিন মাস পর মাথায় ও কপালে আরও দুটি অস্ত্রোপচারের জন্য অনিককে চেন্নাই নিতে হবে। এখন পর্যন্ত চিকিৎসায় প্রায় ১৩ লাখ টাকা খরচ হয়ে গেছে।

চেন্নাই যাওয়ার আগে অনিক রাজধানীর আগারগাঁওয়‌ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় অনিক।