চোখে চুন দিয়ে গরুচোর ধরা!
চোখে চুনের পানি নিক্ষেপ করে দুই গরুচোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামে এক গৃহস্থের গরু চুরি করতে গেলে গ্রামবাসী অভিনব পন্থায় দুই চোরকে আটক করে।গ্রামবাসী জানায়, রোববার ভোর সাড়ে চারটার দিকে গ্রামের কৃষক রুশন আলীর বাড়িতে গরু চুরি করতে আসে সাত চোর। তাদের উপস্থিতিতে টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী দল বেঁধে ধাওয়া করে। এর মধ্যে দুই চোরকে হাতের নাগালে পাওয়ামাত্র একটি বালতিতে রাখা চুনের পানি ছুড়ে মারা হয়। এতে আবদুর রব ওরফে গুতুম (৪৫) ও আবদুস সামাদ (২৫) নামের ওই দুই চোর মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সদস্য সামছুদ্দিন জানান, এ ঘটনায় তিনি গোয়াইনঘাট থানায় একটি মামলা করেছেন। চোখে চুনের পানি নিক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘গরু চুরি ঠেকাতে মানুষ নানারকম পন্থা অবলম্বন করছে।’গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুস সেলিম জানান, ওই দুজনের বিরুদ্ধে থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।