চোখে দেখতে পান না নিহার বালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত কন্যা নিহার বালার (৮২) দুই চোখে ছানি পড়েছিল। অর্থের অভাবে চোখে অস্ত্রোপচার করাতে পারেননি। এখন তিনি কিছুই দেখতে পান না তিনি।
১৯৯৪ সালে শিল্পী এস এম সুলতানের মৃত্যু হয়। ২০০৩ সালে নিহার বালার বসবাসের জন্য সরকারিভাবে সুলতান সংগ্রহশালা-সংলগ্ন জায়গায় দুই কক্ষের একটি আধা পাকা স্থাপনা নির্মাণ করে দেওয়া হয়। তখন থেকে তিনি সেখানেই বসবাস করছেন।
নিহার বালা প্রথম আলোকে বলেন, ‘শেষ বয়সে সরকারের মাসিক পাঁচ হাজার টাকার অনুদানই আমার বেঁচে থাকার সম্বল। দুই বছর হলো চোখে কিছুই দেখতে পাই না। শ্বাসকষ্টের রোগী আমি। ওষুধ-পথ্য কিনতেই সব টাকা শেষ হয়ে যায়।’ তিনি বলেন, ‘সামান্য বৃষ্টিতে ঘরের মধ্যে পানি পড়ে। নিজের জমিজিরাত বলতে কিছুই নেই। কাকুর (শিল্পী সুলতান) সঙ্গে আমার যে ছবি ছিল, সেগুলোও সংগ্রহশালা থেকে সরিয়ে ফেলা হয়েছে।’
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশ-বিদেশ থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা সংগ্রহশালা পরিদর্শনে এলে আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয় না।’
নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ বলেন, নিহার বালার জন্য যা কিছু করণীয় তা জেলা প্রশাসন ছাড়াও সরকার করবে।