জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৮৪ কোটি টাকার যন্ত্রপাতি কিনেছে। অনেক যন্ত্রই এখনো বাক্সবন্দী আছে। কিন্তু এক্স-রে মেশিনের পঙ্গু দশা। এসব মেশিন থেকে বের হচ্ছে ঝাপসা ছবি। আর চিকিৎসকেরা বাধ্য হচ্ছেন চোখের আন্দাজে অস্ত্রোপচার করতে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ভারপ্রাপ্ত পরিচালক আবদুল গণি মোল্লা এ অভিযোগ অস্বীকার করেননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘আঘাত পেয়ে যত রোগী আসে, প্রায় সবারই এক্স-রে দরকার। এক্স-রের ওপর নির্ভর করে পরবর্তী চিকিৎসা দেওয়া হয়। অস্ত্রোপচার নির্ভুল করতে এক্স-রে রিপোর্ট নির্ভুল হওয়া দরকার। যে এক্স-রে মেশিনগুলো আছে, সেগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা।’
পাঁচ শ বিছানার নিটোরে প্রতিদিন বহির্বিভাগে ৮ শ থেকে এক হাজার রোগী আসে, জরুরি বিভাগে আসে এক থেকে দেড় শ রোগী।
নিটোরে চারটি এক্স-রে মেশিন আছে। একমাত্র ডিজিটাল এক্স-রে মেশিন চলে না, তিনটি কোনোরকমে চলছে। রেডিওগ্রাফি বিভাগের প্রধান শহীদুল আলম বলেন, মেশিনে এক্স-রে করার পর ফিল্ম বা ক্যাসেট অটো প্রসেসরে দেওয়া হয়। সেই অটো প্রসেসর থেকে এক্স-রে রিপোর্ট বেরিয়ে আসে। নিটোরে একটি অটো প্রসেসর আছে। তিনটি থেকেই ফিল্ম বা ক্যাসেট নিয়ে একমাত্র অটো প্রসেসরে দেওয়া হতো। অটো প্রসেসরের অভাবে এখন রিপোর্ট হাতে প্রস্তুত করা হয়। ফিল্ম বা ক্যাসেট নির্দিষ্ট তাপমাত্রার রাসায়নিকে ডোবানো থেকে শুরু করে শুকানো পর্যন্ত পুরো কাজটিই হাতে করা হচ্ছে। পুরো প্রক্রিয়ার কোথাও একটু ভুল হলেই এক্স-রে প্লেটে যে ছবি পাওয়া যায়, তা হয় ত্রুটিপূর্ণ। আর ডিজিটাল এক্স-রে মেশিনে ব্যবহারের জন্য বিশেষ ধরনের ক্যাসেট আছে। ওগুলোতে ফাঙ্গাস পড়ে গেছে। ক্যাসেট না পাওয়া পর্যন্ত ওই মেশিনটি চালু করা সম্ভব হবে না।
রাজধানীর একটি উচ্চবিদ্যালয়ের শিক্ষক আকাশ আহমেদ মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে ম্যানহোলে পড়ে যান, তাঁর হাঁটুর চাকতি ভেঙে গেছে। গত শনিবার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। আকাশ প্রথম আলোকে বলেন, ‘আমি হাসপাতালে ঢোকার আগেই বাইরে থেকে ডিজিটাল মেশিনে এক্স-রে করিয়ে নিয়েছিলাম। অস্ত্রোপচারের আগে হাসপাতালের এক্স-রে মেশিনে আবার একটা এক্স-রে করা হয়। কিন্তু ওটা এত ঝাপসা যে পরে চিকিৎসকেরা আমার বাইরে থেকে করা রিপোর্ট চেয়ে নেন।’
যেসব রোগীর সামর্থ্য আছে, তাঁরা বাইরে থেকে এক্স-রে করাচ্ছেন। আবার হাসপাতালে ঘোরাফেরা করেন—এমন লোকজন টাকা ফেললে হাসপাতালের শয্যার পাশে পোর্টেবল এক্স-রে মেশিন হাজির করাতে পারেন। পঙ্গু হাসপাতালকেন্দ্রিক বিভিন্ন রোগ নির্ণয়কেন্দ্র থেকে এই মেশিনগুলো আসে। এক্স-রে করার জন্য তাদের টাকা দিতে হয়, আবার যাদের সাহায্যে এই পোর্টেবল এক্স-রে মেশিন হাসপাতালে ঢুকছে, তাদেরও টাকা দিতে হয়। সরকারিভাবে এক্স-রে করার খরচ ৫৫-৭০ টাকা, ডিজিটাল এক্স-রে মেশিনে খরচ আড়াই শ টাকা। বাইরে এই ডিজিটাল এক্স-রে করতে খরচ চার-পাঁচ শ টাকা। হাসপাতালের মেশিন নষ্ট হওয়ায় রোগীদের বাড়তি খরচ হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, গত কয়েক বছরে নিটোরে স্টেম সেলথেরাপি মেশিন, ফ্লুরোস্কোপি এনজিওগ্রাম, টিস্যু পারফিউশন মেশিন কেনা হয়েছে। এগুলো কখনো কাজে লাগবে কি না, সে ব্যাপারে কেউ নিশ্চয়তা দিতে পারছেন না। ২০১৪-১৫ অর্থবছরে কেনাকাটা হয়েছে ৮৩ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকার। শুধু এক্স-রে মেশিনের কোনো উন্নতি হয়নি।