চোখের আলোয় নয়, মনের আলোয় জয়

চোখের আলো না থাকুক, মনের আলোয় কঠিন পথকে জয় করেছে দৃষ্টিপ্রতিবন্ধী জ্যাকসন কুয়েদা। নিরলস চেষ্টা, কঠোর পরিশ্রম আর ধৈর্যের সঙ্গে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় সে জিপিএ ৪ দশমিক ৬ পেয়েছে। জ্যাকসন কুয়েদা শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের সাপমারী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠিত সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমতলা গ্রামের দরিদ্র কৃষক সুরেশ কুয়েদার ছেলে জ্যাকসন। তার মায়ের নাম শালিনী কুয়েদা। তিন ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। সপ্তম শ্রেণি পর্যন্ত সাভারের সালভিশন খ্রিস্টিয়ান মিশনারি স্কুলে পড়াশোনা করে শেরপুরে চলে আসে। ২০১০ সালে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শেরপুর জেলা সদরের সাপমারী সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী প্রতিষ্ঠানে অষ্টম শ্রেণিতে সে ভর্তি হয়। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে পাঁচ বছর এ প্রতিষ্ঠানে পড়াশোনা করে একজন শ্রুতি লেখকের সাহায্য নিয়ে এ বছর এসএসসি পরীক্ষায় পাস করেছে জ্যাকসন কুয়েদা।
জ্যাকসন জানায়, জিপিএ-৫ না পেলেও এই ফলাফলে সে সন্তুষ্ট।
নিজের আকাঙ্ক্ষা সম্পর্কে বলতে গিয়ে জ্যাকসন বলে, সে ঢাকার কোনো ভালো কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণিতে লেখাপড়া করতে চায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করতে চায়। কিন্তু দরিদ্র কৃষক বাবার পক্ষে তার লেখাপড়ার খরচ বহন করা প্রায় অসম্ভব। এ জন্য তার প্রয়োজন সরকারি-বেসরকারি সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান আর সহৃদয় ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামান বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী জ্যাকসন কুয়েদা মেধাবী শিক্ষার্থী। উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সে সফল হবে—এ বিশ্বাস তাঁদের রয়েছে।