চোখের চিকিত্সায় লন্ডনে রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হামিদ
আবদুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ চোখের চিকিত্সার জন্য আজ রোববার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ২৫ আগস্ট তাঁর দেশে ফেরার কথা। খবর বাসসের।

বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বেলা দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন রাষ্ট্রপতি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

লন্ডনের উদ্দেশে যাত্রা করার আগে বঙ্গভবনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় রাষ্ট্রপতি সব ধর্মের মানুষের প্রতি বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের জন্য আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতারা ও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।
এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ও নেপালের রাষ্ট্রদূত সেখানে উপস্থিত ছিলেন। ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান সংবর্ধনায় উপস্থিত ছিলেন।