চোখের চিকিৎসার জন্য চেন্নাই গেছেন সিদ্দিকুর
ক্ষতিগ্রস্ত চোখের উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ে গেছেন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। সঙ্গে গেছেন তাঁর বড় ভাই নায়েব আলী ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের একজন চিকিৎসক।
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে ‘পুলিশের কাঁদানে গ্যাসের শেলের’ আঘাতে সিদ্দিকুরের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়।
চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সিদ্দিকুর চিকিৎসাধীন ছিলেন সহযোগী অধ্যাপক ইফতেখার মো. মুনিরের তত্ত্বাবধানে। তিনি প্রথম আলোকে বলেন, সিদ্দিকুরের চিকিৎসার তত্ত্বাবধান করতে হাসপাতালের সহকারী অধ্যাপক জাহিদুল আহসান তাঁর সঙ্গে গেছেন।
সিদ্দিকুরের বন্ধু শেখ ফরিদ বলেন, সিদ্দিকুর বেলা একটার ফ্লাইটে রওনা হন।