চোখের জলে ঈদ কাটালেন পাঁচ মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস শেষে আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রত্যেক মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করেন। কিন্তু এবারের ঈদুল ফিতরে সিলেটের বিশ্বনাথের পাঁচটি পরিবারের সদস্যদের মধ্যে সেই আনন্দ ছিল না।এই পাঁচটি পরিবার হচ্ছে: নিখোঁজ হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে আন্দোলন করতে গিয়ে মারা যাওয়া যুবদলের নেতা মনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা সেলিম আহমদ ও রিকশাচালক জাকির হোসেন। এই পাঁচজনের মায়ের ঈদের দিনটি কেটেছে চোখের পানি ফেলে।প্রতিবছর ঈদের দিনে বিশ্বনাথ উপজেলার রামধানে ইলিয়াস আলীর গ্রামের বাড়িতে প্রচুর মানুষের সমাগম ঘটে। কিন্তু তিনি না থাকায় এ বছর লোকসমাগম ছিল না। তাঁর শূন্যতা দলের নেতা-কর্মী, গ্রামবাসী ও উপজেলাবাসীর মধ্যেও লক্ষ করা গেছে; যে কারণে অনেকের মনেই ঈদের আনন্দ ছিল না। এর পরও কেন্দ্র, জেলা ও উপজেলার অনেক নেতা-কর্মী ইলিয়াস আলীর বাড়িতে তাঁর মা, স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার জন্য এসেছিলেন। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি মা সূর্যবান বিবি, স্ত্রী তাহসিনা রুশদির, ছেলে আবরার ইলিয়াস, নাবিদ ইলিয়াস ও মেয়ে সাইয়ারা নাওয়াল। বাবা না থাকায় ঈদগাহে চাচা আনসার আলীর সঙ্গে ঈদের জামাত আদায় করেছে আবরার ইলিয়াস ও নাবিদ ইলিয়াস। জামাত শেষে ইলিয়াস আলীর মুক্তির জন্য দোয়া করা হয়।গত শনিবার ঢাকা থেকে সন্তানদের সঙ্গে নিয়ে ঈদ করার জন্য বিশ্বনাথে আসেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির। ওই দিন তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নিখোঁজ আনসার আলী, নিহত যুবদলের নেতা মনোয়ার হোসেন, ছাত্রদলের নেতা সেলিম আহমদ ও রিকশাচালক জাকির হোসেনের পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা ও ঈদের উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে ইলিয়াস আলীর ছোট ভাই ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আছকির আলী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ আলী, দপ্তর সম্পাদক মঈনুল হক, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহসভাপতি সোহেল আহমদ চৌধুরী, তাহিদ মিয়া চেয়ারম্যান, বিএনপির নেতা কবির মিয়া চৌধুরী, অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল মছব্বির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।