চোখের জলে এসি রবিউলকে স্মরণ স্বজন, সহপাঠীদের

প্রতিবন্ধী শিশুদের আপনজন ছিলেন গুলশান রেস্তোরাঁ হামলার ঘটনায় নিহত পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) রবিউল করিম। তাদের ভীষণ ভালোবাসতেন তিনি। গতকাল শুক্রবার মানিকগঞ্জে রবিউলের গড়া প্রতিবন্ধী শিশুদের বিদ্যাপীঠ ‘ব্লুমস’-এর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় চোখের জলে তাঁকে স্মরণ করলেন স্বজন, সহপাঠী, এলাকাবাসী এবং শিশুদের অভিভাবকেরা।
স্মরণসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জি আর শওকত। বক্তব্য দেন গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আবদুল আলীম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. নূরুজ্জামান, ঢাকার লায়ন্স ক্লাবের পরিচালক শহীদুল্লাহ স্বপন, স্থানীয় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিপ্লব হোসেন, আটিগ্রাম ইউপির চেয়ারম্যান নূরে আলম সরকার, সহপাঠী ও বন্ধু শামসুল আলম, মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক নূর সিদ্দিকী এবং রবিউলের ছোট ভাই শামসুদ্দিন শামস্।
রবিউলের বন্ধু ও স্বজনেরা বলেন, ছোটবেলা থেকেই খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তিনি। সমাজের অবহেলিত শারীরিক ও মানসিক সক্ষমতাহীন সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও কিশোরদের জন্য বাড়ির কাছে বাসাই গ্রামে ২০১১ সালে প্রতিষ্ঠা করেন বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুমস) নামে বিশেষায়িত বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩২ জন প্রতিবন্ধী শিশু পড়ালেখা করছে। বেতনের অর্থ থেকে কিছুটা জমিয়ে রাখতেন রবিউল। সেই টাকা খরচ করতেন প্রতিবন্ধীদের জন্য।
নিহত হওয়ার এক সপ্তাহ আগে রবিউল স্কুলের প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের সঙ্গে ইফতার করেন। তিনি শিশুদের ঈদের নতুন জামা দিতে চেয়েছিলেন। তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল স্মরণসভায় প্রতিবন্ধী শিশুদের নতুন জামা দেওয়া হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রবিউলের ঘনিষ্ঠজন ও ইউপি চেয়ারম্যান বিপ্লব হোসেন এবং সহপাঠী শামসুল আলম। বিপ্লব হোসেন বলেন, ছোটবেলা থেকেই রবিউল নম্র ও সদালাপী ছিলেন। ছোট-বড় সবার সঙ্গেই বন্ধুর মতো মিশতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি গ্রামের বিভিন্ন সামাজিক ও উন্নয়মূলক কাজে জড়িত ছিলেন।