চোখের জলে দুই মায়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানদের অপেক্ষায় চোখের জলে একটি বছর কাটিয়ে দিলেন সিলেটের বিশ্বনাথের দুই ‘নিখোঁজ’ সন্তানের মা। সন্তানেরা জীবিত না মৃত, তা আজও জানেন না তাঁরা। কারও কাছেই সঠিক কোনো তথ্য নেই।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি এবং গাড়িচালক আনছার আলীর মা নূরজাহান বেগম আজও পথ চেয়ে বসে আছেন সন্তানদের অপেক্ষায়। ‘নিখোঁজ’ সন্তানদের পথ চেয়ে দুটি ঈদ ও একটি নববর্ষ কাটাতে হয়েছে শুধু চোখের জলে।‘নিখোঁজের’ এক বছর পূর্ণ হওয়ার পরও থেমে নেই তাঁদের সন্ধান দাবির আন্দোলন-সংগ্রাম। পরিবারের সদস্যদের মতো দলীয় নেতা-কর্মীরাও বিশ্বাস করেন, ইলিয়াস আলী ‘অক্ষত ও জীবিত’ অবস্থায় আবারও তাঁদের মাঝে ফিরে আসবেন।২০১২ সালের ১৭ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে ঢাকায় নিজ বাসার সামনে থেকে গাড়িচালক আনছার আলীসহ ‘নিখোঁজ’ হন ইলিয়াস আলী। ‘নিখোঁজ’ হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন স্ত্রী তাহসিনা রুশদি, ছোট ভাই আছকির আলীসহ সন্তানেরা। কিন্তু কালের পরিক্রমায় একটি বছর পেরিয়ে গেলেও কোনো সন্ধান পাওয়া যায়নি ইলিয়াস আলীর।পরিবারের সদস্যদের মতো ইলিয়াস আলীর প্রিয় রামধানা গ্রামবাসীও মেনে নিতে পারছে না এত দিন ধরে ‘নিখোঁজ’ থাকার ঘটনা। ১২-১৩ বছর বয়সে বাবা ইউসুফ আলীকে হারান আনছার আলী। তিনি সম্পর্কে ইলিয়াস আলীর ভাতিজা। বাবাকে হারানোর পর প্রায় ২০ বছর ধরে চাচা ইলিয়াস আলীর সঙ্গেই ছিলেন আনছার আলী। আনছারের আয়ের ওপরই চলত তাঁর সংসার। সেই আনছার দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’ থাকায় পরিবারের সদস্যদের আর্থিক কষ্টে দিন কাটাতে হচ্ছে। আনসারের তিন বছরের মেয়ে চাঁদনী আজও বাবার অপেক্ষায় দিন কাটাচ্ছে।ইলিয়াস আলীর মা সূর্যবান বিবি বলেন, ‘আমি আর কিছু চাই না। শুধু আমার পোয়ারে (ছেলেকে) ফেরত চাই।’ইলিয়াস আলীর ছোট ভাই আছকির আলী বলেন, ‘আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রেখে যেকোনো মূল্যে তাঁকে ও আনছারকে আমাদের মাঝে অক্ষত ও জীবিত অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’আনছার আলীর স্ত্রী মুক্তা বেগম বলেন, ‘মেয়েটি যখন বাবার কথা জানতে চায়, তখন কোনো উত্তর দিতে পারি না। অনেক কষ্ট করে দিন কাটাতে হচ্ছে।’