চোখের জলে নিয়ামত হোসেনকে শেষ বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানুষ চোখের জলে শেষ বিদায় জানালেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সরদার নিয়ামত হোসেনকে। দুই দফা জানাজা শেষে গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরে নিজ বাড়ির আঙিনায় তাঁকে দাফন করা হয়।
এদিকে আওয়ামী লীগের ডাকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত উপজেলায় আধা বেলা হরতাল পালিত হয়েছে। উপজেলার হাটবাজার, দোকানপাট ও বাড়িতে-বাড়িতে উত্তোলন করা হয় কালো পতাকা। সরকারি দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের অনেকেই গতকাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বছর খানেক আগেই তাঁরা হারিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসানকে।
গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের দিন বিজিবির সদস্যদের প্রহারে গুরুতর আহত নিয়ামত হোসেন (৫৬) মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর এই মৃত্যু মেনে নিতে পারেননি ফকিরহাটের মানুষ। দলমত-নির্বিশেষে সবাই তাঁর এই মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ অভিহিত করে তাঁকে প্রহারকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামসহ অন্যদের কঠোর শাস্তির দাবি করেছেন।
জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেছেন, বাগেরহাট জেলা প্রশাসনের তথ্যের ভিত্তিতে ওই ম্যাজিস্ট্রেটকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল সকাল সাড়ে আটটায় উপজেলার সাতশৈয়া গ্রামের সাতশৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ওই গ্রামবাসীসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের অসংখ্য মানুষ অংশ নেন।
জানাজার পরে ফকিরহাট বিশ্বরোড চৌরাস্তা মোড়ের শিশুশ্রমিক লিটনের (১৪) সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। এ সময় সে বলে, ‘কাকা (নিয়ামত হোসেন) খুব ভালো মানুষ ছিলেন। আমাকে খুব আদর করতেন।’
সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির নেতা শেখ কামরুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘নিয়ামত ভিন্ন আদর্শের রাজনীতি করতেন। কিন্তু আমরা ছোটবেলার বন্ধু। অনেক রাজনৈতিক আন্দোলনে আমরা একসাথে কাজ করেছি। ফকিরহাটবাসী তাঁকে ভুলতে পারবে না।’
এরপর সকাল ১০টায় ফকিরহাট কাজী আজাহার আলী কলেজ মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজা। সেখানে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সাংসদ মীর শওকাত আলী, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার সহস্রাধিক মানুষ জানাজায় অংশ নেন।